ডিমওয়ালা ও মা-মাছ আহরণ বন্ধ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে এরই মধ্যে দেশীয় অনেক সুস্বাদু মাছ বিলুপ্ত হয়ে গেছে। এ জন্য আমরাই দায়ী। কারণ, মৎস্য সংরক্ষণ ও উৎপাদনে সবাই আন্তরিক হলে এ অবস্থা হতো না। মাছের সোনালি অতীত ফিরিয়ে আনতে হলে ডিমওয়ালা এবং মা-মাছ আহরণ বন্ধ করে মাছের উৎপাদন বাড়াতে হবে। সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য জলমহাল প্রকৃত মৎস্যজীবীদের কাছে ইজারা দিতে হবে। গতকাল বুধবার বেলা ১১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০১১’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান।সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ঈরেশ চন্দ্র ভৌমিক ও জেলা মৎস্য কর্মকর্তা এ কে এম সিদ্দিক। অন্যদের মধ্যে বক্তব্য দেন মৎস্যচাষি হাফিজউদ্দিন আহমদ, সাইফ উদ্দিন আল-ফারুক, মৎস্যজীবী আকমল হোসেন, আজির উদ্দিন প্রমুখ। মেয়র বদরউদ্দিন আহমদ কামরান বলেন, ‘জলমহাল যাতে প্রকৃত মৎস্যজীবী ও মৎস্যচাষিরা ইজারা পান সে বিষয়টি নিশ্চিত করতে হবে।’ এ সময় মেয়র সিলেটে মৎস্য সংরক্ষণে বিশেষজ্ঞদের সমন্বয়ে সুনির্দিষ্ট সুপারিশমালা প্রস্তুত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরামর্শ দেন।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ ফরমালিনযুক্ত মাছ বিক্রি না করতে মৎস্যজীবীদের পরামর্শ দিয়ে বলেন, ‘সিলেটে এখন থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান হবে। যাঁরা ফরমালিনযুক্ত মাছ বিক্রি করবেন তাৎক্ষণিক তাঁদের জেল-জরিমানা হবে। সিলেটের অধিবাসীদের নিরাপদে মাছ পৌঁছে দেওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব।’অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সরকারি বিভিন্ন পদক্ষেপের কারণে সিলেটে মাছের উৎপাদন বাড়ছে। ২০০৯ সালে সিলেট জেলায় মাছের উৎপাদন ছিল ২৮ হাজার মেট্রিক টন। ২০১০ সালে উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার মেট্রিক টন।আলোচনা পর্ব শেষে আমন্ত্রিত অতিথিরা সুরমা নদীতে মাছের পোনা অবমুক্ত করেছেন।