ডিমওয়ালা মাছ নিধন চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের বিভিন্ন খাল-বিল, নদী-নালা, উন্মুক্ত জলাশয় ও মৎস্য অভয়াশ্রমে ডিমওয়ালা মাছ নিধন চলছেই। সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার রূপগঞ্জ, তুলারামপুর, মাইজপাড়া, শেখহাটি, গোবরা, নাকশি, শিঙ্গাশোলপুর ও মির্জাপুর; লোহাগড়ার মিঠাপুর, নলদী, লাহুড়িয়া, এড়েন্দা, লোহাগড়া, ইতনা ও মহাজন এবং কালিয়ার পেড়লী, গাজিরহাট, যোগানিয়া, কালিয়া, বড়দিয়াসহ বিভিন্ন এলাকার হাটবাজারে ডিমওয়ালা মাছ বিক্রি হচ্ছে। এসবের মধ্যে টেংরা, পুঁটি, পাবদা, রয়না, কই, শিং, মাগুর, বোয়াল, চিংড়ি, রুই, কালিবাউশ, পাবদা, বেলেসহ বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে।সরকারিভাবে মাছের অভয়াশ্রম হিসেবে পরিচিত নলা বিল, পাটেশ্বরী বিল, পাথরঘাটা বিল, ভবানীপুরের বিল, ইছামতীর বিলসহ বিভিন্ন এলাকার নদী ও খালে মাছ ধরা নিষিদ্ধ। কিন্তু এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে জেলেরা সেখানে মাছ ধরছেন। সদর উপজেলার পংকবিলা গ্রামের মৎস্যজীবী সুকুমার মালো জানান, ১৫-১৬ বছর আগেও নড়াইলের চিত্রা, মধুমতী, কাজলা, নবগঙ্গা নদীসহ বিভিন্ন খাল-বিলে নানা ধরনের মাছ পাওয়া যেত। এখন আর আগের মতো হরেক রকম মাছ পাওয়া যায় না। লোহাগড়ার নলদী ইউনিয়নের নলদী গ্রামের সঞ্জয় বিশ্বাস জানান, তিনি ৮ জুলাই চিত্রা নদী থেকে ডিমওয়ালা প্রায় দুই কেজি সরপুঁটি ধরার পর ৩৫০ টাকা দরে বিক্রি করেছেন। এ ছাড়া বড় আকারের বেলে মাছও ধরা পড়ে। বেলে মাছ ৩০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে।কালিয়ার মাউলি ইউনিয়নের মহাজন গ্রামের বিশ্বজিৎ মালো জানান, নবগঙ্গা নদীতে ইদানীং বেশ সরপুঁটি, আইড়, বোয়াল ও বেলে মাছ ধরা পড়ছে। জাল ওঠানোর পর দেখা যায়, মাছের পেটে ডিমভর্তি। কিন্তু ততক্ষণে মাছগুলো মারা যায়। ডিমওয়ালা মাছ ধরতে অনেক সময় খারাপ লাগে। তার পরও এসব মাছ জালে ধরা পড়ছে। জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত পোনা মাছ ধরা নিষিদ্ধ। তা ছাড়া ডিমওয়ালা মাছ ধরা সব সময় নিষিদ্ধ। কিন্তু এ নিয়ম বাস্তবে প্রয়োগ হচ্ছে না।জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম এনামুল হক বলেন, ‘আমরা “ডিমওয়ালা মাছ মারবেন না, দেশের ক্ষতি করবেন না” স্লোগান সামনে রেখে জেলার বিভিন্ন গ্রামগঞ্জের হাটবাজার এলাকায় সাধারণ ও জেলে সম্প্রদায়ের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্মসূচি নিয়েছি। কিন্তু লোকবলের অভাবে যথাযথভাবে কর্মসূচি পালন করতে পারছি না। আমাকে একাই তিনটি কর্মস্থলে দায়িত্ব পালন করতে হয়।’