ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন

নীলফামারীর ডিমলার ইসলামিয়া ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। কলেজের সামনের রাস্তায় গতকাল সোমবার দুপুরে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন করেন তাঁরা।
কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক করিমুল ইসলামসহ আন্দোলনরত কয়েকজন শিক্ষক বলেন, ‘১৯৮৩ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৫ সালে ডোমারে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলেজটিকে জাতীয়করণের প্রতিশ্রুতি দেন। আমরা আশা করেছিলাম বর্তমান প্রধানমন্ত্রী তাঁর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। কিন্তু অদ্যাবধি কলেজটি জাতীয়করণ না হওয়ায় আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছি। কলেজ জাতীয়করণের সব শর্ত পূরণের পরও কলেজটি জাতীয়করণ না হওয়ায় আমাদের প্রতি অবিচার করা হচ্ছে। আশা করি, শিক্ষাবান্ধব এই সরকার কলেজটি দ্রুত সময়ের মধ্যে জাতীয়করণ করার ঘোষণা দেবে।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিম হায়দার, শিক্ষক খায়রুল ইসলাম, আবদুল সালেক, মহানন্দ পাল, সফিকুল ইসলাম, কনক কুমার অধিকারী, দুলাল ইসলাম প্রমুখ।
মানববন্ধন শেষে একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিমের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা।
এর আগে একই দাবিতে চলতি বছরের ১২ জুলাই মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন ওই কলেজে কর্মরত শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। এরপরও এখনো কলেজটি জাতীয়করণ করা হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, কলেজটিতে বর্তমানে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী আছেন। এর মধ্যে ছাত্র দুই হাজার, ছাত্রী প্রায় দেড় হাজার। কর্মরত রয়েছেন ৬৭ জন শিক্ষক ও ৭৯ জন কর্মকর্তা-কর্মচারী।