ডিমলায় চার বছরের শিশু ধর্ষণের শিকার
নীলফামারীর ডিমলা উপজেলায় চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত বুধবার খালিশাচাপানী ইউনিয়নে এ ঘটনা ঘটে। শিশুটিকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই গ্রামের বাসিন্দা শিশুটির বাবা বলেন, বুধবার সকালে প্রতিবেশী মনছুর আলীর ছেলে সাইফুল ইসলাম (১৬) বাড়িতে এসে বেড়ানোর কথা বলে তাঁর চার বছরের মেয়েকে নিয়ে যায়। এরপর সাইফুল তাদের বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে তাঁর মেয়েকে ধর্ষণ করে। এ সময় চিৎকার শুনে শিশুটির মা গিয়ে তাকে উদ্ধার করে। সন্ধ্যায় শিশুটিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে সদর আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে শিশুটির বাবা জানান।
অভিযোগের ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাইফুলের বাবা মনছুর আলীর বলেন, ‘আমার ছেলে মাদ্রাসায় পড়ে। সে জেএসসি পরীক্ষা দিচ্ছে। এ রকম জঘন্য কাজ সে করতে পারে না।’ গতকাল বিকেলে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাননি।