ডিমলায় ঝড়ে দুই শতাধিক ঘর বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে গত সোমবার কালবৈশাখীতে দুই শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি বিদ্যালয়। এ সময় ঘর ও গাছচাপা পড়ে আহত হয়েছেন ২০ জন।
মিয়াপাড়া গ্রামের জয়নুল হক জানান, রাত সাড়ে ১১টার দিকে ঝড় শুরু হয়। মাত্র দুই মিনিটে লন্ডভন্ড হয়ে যায় সবকিছু। এ সময় ক্ষতিগ্রস্ত হয় এলাকার ছাতনাই কলোনি উচ্চবিদ্যালয়, সীমান্ত শিশু নিকেতন, ছাতনাই কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়। অসংখ্য গাছপালা ভেঙে যায় ও উপড়ে পড়ে।
পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, ঝড়ে মিয়াপাড়া গ্রামের অন্তত ৭০ পরিবারের দুই শতাধিক কাঁচা ও আধা পাকা ঘর বিধ্বস্ত হয়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান। এ ছাড়া কলোনি হাটে ৩০টি ছোট-বড় ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান তবিবুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম ওই গ্রাম পরিদর্শন করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। তাদের সরকারিভাবে সহায়তা দেওয়া হবে।