ডিমলায় প্রতিপক্ষের হামলায় শিশু নিহত, আহত ৬
নীলফামারীর ডিমলা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বিলকিস আক্তার (৩) নামের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন ছয়জন। গতকাল শনিবার টেপাখড়িবাড়ী ইউনিয়নের পূর্ব খড়িবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ওই গ্রামের তফের উদ্দিন প্রায় সাত বছর আগে একই গ্রামের আবদুস সালামের কাছ থেকে ১৩ শতক জমি কেনেন। একই গ্রামের খায়রুল ইসলাম তিন মাস ধরে ওই জমির মালিকানা দাবি করে আসছিলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
এর জের ধরে গতকাল সকালে খায়রুল, তার ভাই নজরুল ইসলাম, জসমতসহ ২০-২২ জন লোক জোর করে ওই জমির ধান কাটতে আসে। এতে বাধা দিলে তারা হামলা চালায়। হামলায় তফের উদ্দিন ও তাঁর স্ত্রী আমেনা বেগম প্রতিবেশী আবদুল হক, আমিনুল, মোর্শেদা বেগমসহ ছয়জন আহত হন। হামলাকারীরা তফেরের মেয়ে বিলকিসকে (৩) আছাড় মারলে সে গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে বিলকিস মারা যায়।
টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম মুঠোফোনে বলেন, বিষয়টি নিয়ে কয়েক দফায় বৈঠক করা হয়েছিল। কোনো পক্ষই সমঝোতায় আসতে পারেনি।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন গতকাল বিকেলে বলেন, ওই গ্রামে একটি জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার ভোরে ওই জমির ধান কাটাকে কেন্দ্র করে কয়েকজন আহত হয়েছেন এবং একটি শিশু নিহত হওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ শিশুটির লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।