ডিমলার খোকশারঘাট সেতুর উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলার দক্ষিণ সুন্দর খাতা গ্রামের বুড়ি তিস্তা নদীর ওপর নির্মিত খোকশারঘাট সেতু গতকাল শনিবার উদ্বোধন করেন প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে তিনি এক জনসভায় অংশ নেন।
ডিমলা উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা–কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা থেকে হেলিকপ্টারে করে গতকাল দুপুর ১২টার দিকে ডিমলার খোকশারঘাট সেতু এলাকায় পৌঁছান। এরপর তিনি এ সেতুর উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন খান, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের রংপুর অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. হাফিজুর রহমান, সওজের দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. বুলবুল হোসেন, নীলফামারীর নির্বাহী প্রকৌশলী মো. তানভীর সিদ্দিকী, উপবিভাগীয় প্রকৌশলী মো. ফিরোজ আখতার প্রমুখ।
দুপুর সাড়ে ১২টার দিকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সাংসদ আফতাব উদ্দিন সরকার।
জনসভায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপির সঙ্গে শত্রুতা করার কোনো দরকার নেই, তাদের আপন ঘরের শত্রুই তাদের জন্য যথেষ্ট। তিনি আরও বলেন, ১০-১২ বছর আগের তুলনায় এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে। আগে এ অঞ্চলে মঙ্গা হতো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গাকে জাদুঘরে রেখেছেন, ইতিমধ্যে বেকারত্ব জাদুঘরে গেছে, এরপর দারিদ্র্যও জাদুঘরে যাবে। তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ভালো কাজ করুন, ভালো আচরণ করুন, ক্ষমতায় থেকে ক্ষমতার দাপট দেখালে উন্নয়ন হবে না।
জনসভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম প্রমুখ।