ডিমলার ১২টি চরের মানুষ চিকিৎসাসেবা বঞ্চিত
নীলফামারীর ডিমলা উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় ১২টি চরের মানুষ দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। চিকিৎসায় তাদের ভরসা গ্রাম্য চিকিৎসক-কবিরাজ। নীলফামারী শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তরে ডিমলার খগাখড়িবাড়ী ইউনিয়নের পাগলাপাড়া বাজার। এখান থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে কিসামত ছাতনাই চর। মাঝে প্রায় শুকিয়ে যাওয়া তিস্তা নদী। চরের বাসিন্দা লায়লা (২০) বলেন, এখানে কোনো চিকিৎসাকেন্দ্র নেই, নেই কোনো ডাক্তার। স্থানীয় মসজিদের মুয়াজ্জিন হোমিওপ্যাথি এবং গাছগাছড়া দিয়ে ওষুধ তৈরি করে দেন। এতে কাজ না হলে প্রায় আড়াই কিলোমিটার দূরে পাগলাপাড়া বাজারের গ্রাম্য চিকিৎসকের চিকিৎসা নিতে হয়। এ ছাড়া বর্ষার সময় নৌকায় করে জীবনের ঝুঁকি নিয়ে সেখানে যেতে হয়। আর ডিমলা উপজেলা শহরে গেলে ১৫ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। কিন্তু সেখানকার হাসপাতালেও তেমন চিকিৎসাসেবা পাওয়া যায় না। তিনি জানান, এই চরেই দাইয়ের হাতে তাঁর কোলের শিশুটির জন্ম হয়েছে। মনিবর রহমান (৭০) বলেন, ‘আমার বড় ছেলে বিষ খাইছিল, কবিরাজ খাটাখুটা (টক) খাওয়াইছে, কিন্তু ছেলেটাক বাঁচানো যায় নাই। ওই শোকে কয় দিন পর স্ত্রীও বিষ খায়। তাঁকেও হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।’ পাগলাপাড়া বাজারের পল্লি চিকিৎসক সফিউল আলম বলেন, ‘চরাঞ্চলের ৮০ শতাংশ রোগী আসে সর্দি, জ্বর, কাশি, ডায়রিয়া ও আমাশয়ের চিকিৎসা নিতে। ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের স্যালাইন দিই। আর গুরুতর অসুস্থ রোগীদের উপজেলা হাসপাতালে পাঠিয়ে দিই।’ পূর্ব ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আবদুল লতিফ খান বলেন, ডিমলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নে ১২টি চরে বাস করে প্রায় চার হাজার পরিবার। এসব পরিবার বর্ষা মৌসুমে এক প্রকার বন্দী হয়ে পড়ে। আর শুষ্ক মৌসুমে তারা প্রায় তিন থেকে আট কিলোমিটার হেঁটে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত যেতে পারে। কিন্তু ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে কোনো চিকিৎসক না থাকায় তাদের বাধ্য হয়ে হাতুড়ে চিকিৎসক অথবা গ্রাম্য কবিরাজের শরণাপন্ন হতে হয়। নীলফামারীর সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) আবদুল মজিদ বলেন, ‘এখন ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে কোনো চিকিৎসক নেই। চিকিৎসক সংকটের কারণে আমরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নিয়ে এসেছি। আর চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেখানে কমিউিনিটি স্বাস্থ্য ক্লিনিক স্থাপন করা দরকার। কারণ বর্ষার সময় তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে।’