ডিমলায় অগ্নিকাণ্ডে ১৩ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই
নীলফামারীর ডিমলা উপজেলা শহরের বাবুরহাটে গত শুক্রবার অগ্নিকাণ্ডে ১৩টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে বাবুরহাটের এসআরবি মার্কেটসংলগ্ন একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত। পরে তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। এ সময় কাপড়, জুতা, ওষুধসহ বিভিন্ন মালামালের ১৩টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ডিমলা ও ডোমার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র রায়, সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিজুল ইসলাম, ডিমলা থানার ওসি রুহুল আমিন খান প্রমুখ। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাঁদের প্রায় অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
ডিমলা ফায়ার সার্ভিসের দলনেতা আবু বক্কর সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।