ডিমলায় দুই ব্যক্তিকে মারধর, পুলিশে সোপর্দ
নীলফামারীর ডিমলায় দুই ব্যক্তিকে মারধর করে গতকাল রোববার পুলিশে সোপর্দ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আবদুস সাত্তারের নির্বাচনী কর্মী বলে জানা গেছে। তাঁদের নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে আবদুস সাত্তার তাঁর কয়েকজন কর্মী নিয়ে বিভিন্ন স্থানে জনসংযোগ করে শহরের একটি হোটেলে খেতে যান। খাওয়া শেষে হোটেল থেকে বের হলে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সাত্তারের নির্বাচনী কর্মী ডিমলা আইডিয়াল একাডেমির অধ্যক্ষ রবিউল ইসলাম (৩৮) ও শফিকুল গণি স্বপন ফাজিল মাদ্রাসার প্রভাষক ওবায়দুল ইসলামকে (৪০) মারধর করেন। এতে রবিউলের পায়ে এবং ওবায়দুল মাথায় আঘাত পান। মারধরের পর ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন।
আবদুস সাত্তার অভিযোগ করেন, ‘নির্বাচনী জনসংযোগ করে বের হলে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা অতর্কিতভাবে হামলা চালান। এতে আমার ওই দুই কর্মী গুরুতর আহত হন।’
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় বলেন, সেখানে ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষে সংঘর্ষ বাধে।
এ সময় উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক এনামুল হকের মাথা ফেটে যায়। এ সময় জামায়াতের দুই কর্মী পড়ে গিয়ে আহত হন। পরে এলাকাবাসী তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করে।
ডিমলা থানার ওসি আজিম উদ্দিন বলেন, আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের গত ৫ জানুয়ারির নির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্রে সহিংসতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।