ডিমলায় নিম্নমানের চাল বিতরণের অভিযোগে দুই ডিলারকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচিতে (১০ টাকা কেজি দরের চাল) নিম্নমানের চাল বিতরণের অভিযোগে গত শুক্রবার দুই ডিলারকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের ডিলারশিপ বাতিলেরও প্রক্রিয়া চলছে।
এলাকার কয়েকজন বািসন্দা ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে ১০ টাকা কেজি দরের চাল বিতরণের সময় নিম্নমানের চাল উপকারভোগীদের মাঝে বিতরণ করছিলেন ঝুনাগাছ চাঁপানী ইউনিয়নের চাঁপানী বাজারের ডিলার ছামিনুর রহমান ও চাঁপানীহাটের ডিলার আতাউর রহমান। এ সময় ওই চাল নিতে অস্বীকৃতি জানিয়ে উপকারভোগীরা বিষয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুর রহমানকে জানান। ইউপি চেয়ারম্যান তাৎক্ষণিক চাল বিতরণ বন্ধ করে উপজেলা প্রশাসনকে িবষয়টি জানান। দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র রায় সরেজমিনে এসে ওই দুই ডিলারকে চাল বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেন। পরে সন্ধ্যায় ঝুনাগাছ চাঁপানী ইউপি কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই ডিলারকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন মিল্টন চন্দ্র রায়। এ ছাড়া তাঁদের গতকাল শনিবার ভালো মানের চাল উপকারভোগীদের মাঝে বিতরণের নির্দেশ দেন আদালত। এদিকে ওই জরিমানার টাকা জমা দিয়ে গতকাল দুপুরের মধ্যে ভালো মানের চাল উপকারভোগীদের মাঝে বিতরণ করেন তাঁরা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম গতকাল বিকেল চারটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ওই দুই ডিলারের কাছ থেকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা আদায় করা হয়েছে। তাঁদের ডিলারশিপ বাতিল করা হবে, এ জন্য প্রক্রিয়া চলছে।’