ডিমলায় নৌকাডুবিতে একজন নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় মকবুল হোসেন (২৮) নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের ঝাড়সিংহেশ্বর গ্রামে তিস্তা নদীতে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
মকবুল হোসেন ওই ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের আজাহার আলীর ছেলে।
এ ব্যাপারে পূর্বছাতনাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল লতিফ খান বলেন, গতকাল সকালে তিস্তা নদীর পাড়ে কালীগঞ্জ এলাকার ৪০ জন শ্রমিক ইঞ্জিনচালিত নৌকাযোগে নদীর ওপারে গরুর জন্য ঘাস কাটতে যান। বেলা সাড়ে তিনটার দিকে ঘাস নিয়ে ওই নৌকায় করে ফিরছিলেন তাঁরা। পথে তিস্তা নদীর ভারত-বাংলাদেশ জিরো পয়েন্ট এলাকায় ঝাড়সিংহেশ্বর গ্রামে¯নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা ৪০ জন যাত্রীর মধ্যে ৩৯ জন সাঁতরে প্রাণ রক্ষা করতে পারলেও মকবুল নিখোঁজ রয়েছেন।
গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মুঠোফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। নিখোঁজ মকবুলকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তাঁকে উদ্ধারের জন্য রংপুর দমকল বাহিনীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।’