ডিমলায় প্রতিমা ভাঙচুর, বাড়িতে হামলা
নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর তিতপাড়া গ্রামে একটি কালীমন্দিরের দুটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় মন্দিরের পুরোহিতের বাড়িতেও হামলা চালানো হয়।
এলাকাবাসীর অভিযোগ, ওই দিন রাত ১১টার দিকে এলাকার কয়েকজন মাদকাসক্ত যুবক মন্দিরটিতে এ হামলা চালান। এ সময় মন্দিরের পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তীর বাড়িতেও ইটপাটকেল নিক্ষেপ করেন তাঁরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ বলেছে, হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিশ্বনাথ চক্রবর্তী বলেন, ‘এলাকার প্রায় ১৫-২০ জন মাদকাসক্ত যুবক মন্দিরটিতে হামলা চালিয়ে দুটি প্রতিমার মাথা ভেঙে দেয়। এর পর তারা আমার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে পালায়।’
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মন্দির কমিটির পক্ষ থেকে গতকাল বিকেল পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। তবে মামলার প্রস্তুতি চলছে।