ডিমলায় বাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদীর পাড়ে স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা বাঁধ রক্ষার দাবি জানিয়েছে স্থানীয় মানুষ। এ দাবিতে তারা উপজেলার বাইশপুকুরে গতকাল মঙ্গলবার মানববন্ধন করে।মানববন্ধনে এলাকাবাসীর দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন নীলফামারী-১ আসনের সাংসদ জাফর ইকবাল সিদ্দিকী। এতে দুই সহস্রাধিক মানুষ অংশ নেয়। আন্দোলনকারীরা জানান, ২০০৯ সালের মার্চে স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমে পূর্ব বাইশপুকুর ও পশ্চিম বাইশপুকুরের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ৩ কিলোমিটার বাঁধ নির্মাণ করে। দুই মাস আগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে স্বেচ্ছাশ্রমে বাঁধের ওপর ইট বিছিয়ে রাস্তাও করা হয়। বাঁধটি নির্মিত হওয়ায় বাইশপুকুর, সতিঘাট, ছাতুনামা, উত্তর সোনাখুলি, দক্ষিণ সোনাখুলি, কুটিপাড়া ও ভেন্ডাবাড়ির সাতটি গ্রামের প্রায় আট হাজার পরিবার ও ১৫ হাজার হেক্টর জমি বন্যার হাত থেকে রক্ষা পায়। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ওই বাঁধটি ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছে। তাই এলাকাবাসী বাঁধ রক্ষায় এ কর্মসূচি পালন করে। পাউবোর নীলফামারীর নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম জানান, সিল্ট্রাপের পলি অপসারণের জন্য বাঁধটি ভাঙার পরিকল্পনা করা হয়েছে।