ডিমলায় বিএনপির কার্যালয়ে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলা বিএনপির সভাপতি রইছুল আলম চৌধুরীর অপসারণ দাবিতে বিএনপির স্থানীয় কার্যালয়ে তালা দিয়েছেন ক্ষুব্ধ নেতা-কর্মীরা। গত সোমবার বিকেলে কেন্দ্র-ঘোষিত বিক্ষোভ কর্মসূচি শেষে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে বিক্ষুব্ধ ব্যক্তিরা তালা লাগিয়ে দেন।
নেতা-কর্মীদের অভিযোগ, উপজেলা বিএনপির সভাপতি রইছুল আলম চৌধুরী নিয়মবহির্ভূতভাবে স্বৈরাচারি কায়দায় দল পরিচালনা করছেন। বিএনপি একটি বড় গণতান্ত্রিক দল হওয়া সত্ত্বেও তিনি নেতা-কর্মীদের মতামতের মূল্যায়ন করেন না। তাঁর পছন্দের কিছু নেতার মাধ্যমে দলের কর্মসূচি নামে মাত্র পালন করেন। ১৯ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের নির্বাচনেও দলের নেতা-কর্মীদের মতামত ছাড়াই তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হন। নির্বাচনে তিনি মাত্র নয় হাজার ৩৬ ভোট পান। এতে সাধারণ মানুষের কাছে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অভিযোগ করে বলেন, দলের নেতা-কর্মীদের মতামত উপেক্ষা করে কথায় কথায় ওপরের নির্দেশের নাম করে তিনি দলে নিজের সুবিধামতো সিদ্ধান্ত চাপিয়ে দেন। উপজেলা পরিষদের নির্বাচনেও তিনি বলেছিলেন, দলের হাইকমান্ড তাঁকে প্রার্থী হতে বলেছেন। তাঁর এমন কর্মকাণ্ডে উপজেলা বিএনপির সাংগঠনিক বিপর্যয় ঘটেছে। বিএনপির ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে তাঁর অপসারণ দাবি করা হয়।
সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান বলেন, রইছুল আলম চৌধুরীর স্বেচ্ছাচারিতায় নেতা-কর্মীরা অতিষ্ঠ। এ কারণে বিগত আন্দোলন-সংগ্রামে তিনি তেমন সম্পৃক্ত হতে পারেননি। উপজেলা নির্বাচনে তাঁর একক সিদ্ধান্তের কারণে দলের ভরাডুবি হয়েছে। একই অভিযোগ করেন আনোয়ার আলী, আইয়ুব আলী, সাইদার রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক নেতা-কর্মী। এ ব্যাপারে রইছুল আলম চৌধুরীর সঙ্গে কথা বলতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি তা ধরেননি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উপজেলা নির্বাচনের সময় দলের কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে খারাপ আচরণ করায় তাঁরা ক্ষুব্ধ হয়ে কয়েকজন বহিষ্কৃত নেতা-কর্মীর যোগসাজশে কার্যালয়ে তালা দিয়েছেন। বিষয়টি ঠিক হয়ে যাবে। তবে মঙ্গলবারও কার্যালয় তালাবদ্ধ ছিল বলে জানিয়েছেন তিনি।
উপজেলা পরিষদ নির্বাচনে ৩৮ হাজার ৫২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত তবিবুল ইসলাম। জামায়াতের প্রার্থী পান ৩৭ হাজার ২৫৩ ভোট। সেখানে বিএনপি-সমর্থিত প্রার্থী রইছুল আলম চৌধুরী পান মাত্র নয় হাজার ৩৬ ভোট।