ডিমলায় মুক্তিযোদ্ধাদের আমরণ অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম স্থগিতের প্রতিবাদে ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের দাবিতে নীলফামারীর ডিমলা উপজেলায় মুক্তিযোদ্ধারা আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা শহরে অবস্থিত শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি শুরু হয়।
কর্মসূচি চলাকালে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, মিয়ার উদ্দিন, মকবুল হোসেন, আবদুল্লাহ চৌধুরী, সাহাদাত হোসেন, বিমল চন্দ্র রায় প্রমুখ।
বক্তারা বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের কারণে প্রকৃত মুক্তিযোদ্ধারা আজ চরম বিপাকে পড়েছেন। দ্রুত সময়ের মধ্যে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সম্পন্ন করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক বলেন, ডিমলায় ৪ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৩৫০ জন মুক্তিযোদ্ধার তালিকা যাচাই-বাছাই করে তিনজন প্রকৃত মুক্তিযোদ্ধা পাওয়া গেছে। ভুয়া মুক্তিযোদ্ধারা মামলা করে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই প্রক্রিয়া বাধাগ্রস্ত করছেন। যাঁরা কখনো ভারত দেখেননি, তাঁরাও এখন মুক্তিযোদ্ধা হয়েছেন। এ সমস্যার সুরাহা হওয়া দরকার।
১৯৭১ সালের ৬ নম্বর সেক্টরের অধীনে অংশ নেওয়া মুক্তিযোদ্ধাদের ডাকে এ কর্মসূচিতে শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন। অনশনরত মুক্তিযোদ্ধাদের অভিযোগ, উপজেলার ১৪৭ জন মুক্তিযোদ্ধার মধ্যে ১২৯ জন ভারতীয় তালিকাভুক্ত ও ১৮ জন মুজিব বাহিনীর সদস্য। অথচ সরকারিভাবে এ উপজেলায় ২২৫ জন মুক্তিযোদ্ধাকে ভাতা দেওয়া হচ্ছে। চলতি বছর নতুন করে আরও ৪৭৬ জন মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হওয়ার জন্য আবেদন করেছেন। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে ই-মেইল ও ফ্যাক্সযোগে জেলার ছয় উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এর অনুলিপি সংশ্লিষ্ট উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি ও সদস্যসচিবের কাছে পাঠানো হয়েছে।
উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্যসচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম স্থগিতাদেশের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। এ ছাড়া মুক্তিযোদ্ধাদের আমরণ অনশন কর্মসূচির বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন।