ডিমলায় মুক্তিযোদ্ধাদের আমরণ অনশন প্রত্যাহার
মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম স্থগিতের প্রতিবাদে ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের দাবিতে নীলফামারীর ডিমলা উপজেলায় শুরু হওয়া আমরণ অনশন কর্মসূচি স্থানীয় সাংসদের হস্তক্ষেপে প্রত্যাহার করা হয়েছে। স্থানীয় সাংসদ আফতাব উদ্দিন সরকার গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা শহরের শহীদ মিনারে গিয়ে পানি পান করিয়ে তাঁদের অনশন ভঙ্গ করান।
উপজেলা শহরে অবস্থিত শহীদ মিনার চত্বরে গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই অনশন শুরু করেন মুক্তিযোদ্ধারা।
কয়েকজন মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৭১ সালের ৬ নম্বর সেক্টরের অধীনে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের (এফএফ) আয়োজনে শুরু হওয়া অনশন কর্মসূচিতে শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন। অনশনরত মুক্তিযোদ্ধাদের অভিযোগ, উপজেলার ১৪৭ জন মুক্তিযোদ্ধার মধ্যে ১৩ জন বিভিন্ন স্থানে অবস্থান করছেন। ওই ১৪৭ জনের মধ্যে ১২৯ জন ভারতীয় তালিকাভুক্ত ও ১৮ জন মুজিব বাহিনীর সদস্য। অথচ সরকারিভাবে উপজেলায় ২২৫ জন মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন। চলতি বছর নতুন করে আরও ৪৭৬ জন মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছেন। আবেদনকারীদের মধ্যে অনলাইনে ৪০৩ জন ও লিখিতভাবে ৭৩ জন আবেদন করেছেন।
গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে ই-মেইল ও ফ্যাক্সযোগে নীলফামারীর ছয় উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির কার্যক্রম স্থগিত করার নির্দেশনা দেয় মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয়। মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান ফারুকী স্বাক্ষরিত ওই আদেশের কপি সংশ্লিষ্ট উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি ও সদস্যসচিব বরাবর পাঠানো হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্যসচিব ইউএনও মো. রেজাউল করিম বলেন, ‘গতকাল সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় সাংসদ আফতাব উদ্দিন সরকারের নেতৃত্বে আমরা শহীদ মিনার চত্বরে গিয়ে মুক্তিযোদ্ধাদের বুঝিয়ে তাঁদের অনশন প্রত্যাহার করাই।’
এ বিষয়ে আফতাব উদ্দিন সরকার বলেন, আমি প্রশাসনের লোকজন, পুলিশ ও নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গতকাল প্রায় আধা ঘণ্টা মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে তাঁদের অনশন প্রত্যাহার করাই।’