ডিমলায় শ্রেণিকক্ষ দখলের প্রতিবাদে মানববন্ধন
নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের নূর বিদ্যানিকেতনের শ্রেণিকক্ষ দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন হয়।
মানববন্ধনে কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক অভিযোগ করে বলেন, ২০০১ সালে ৫১ শতাংশ জমির ওপর ওই শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। নূর বিদ্যানিকেতনের ২২টি শ্রেণিকক্ষের মধ্যে সাতটি শ্রেণিকক্ষ গত মঙ্গলবার দখল করেন এলাকার জনৈক সহিদুল ইসলাম। তিনি সাতটি শ্রেণিকক্ষসহ বিদ্যালয়ের ৩১ শতাংশ জমি তাঁর দখলে নেন।
সহিদুল ইসলামের দাবি, পৈতৃক সূত্রে তিনি ওই জমির মালিক। তবে সহিদুল ইসলামের বড় ভাই এবং ওই প্রতিষ্ঠানের পরিচালক হারুন অর রশিদ দাবি করেন, বিদ্যালয়ের জমিটির ক্রয় সূত্রে মালিক তিনি। পারিবারিকভাবে কোনো সমস্যা না থাকলেও জোর করে জমিটি দখল করেছেন তাঁর ভাই সহিদুল ইসলাম। সেখানে সহিদুলের কোনো জমি নেই, প্রতিষ্ঠানটি নষ্ট করার উদ্দেশেই তিনি এসব করছেন।
মানববন্ধন শেষে নূর বিদ্যানিকেতনের অধ্যক্ষ আবছার উদ্দিন স্বাক্ষরিত স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিমের হাতে তুলে দেয় শিক্ষার্থীরা।
স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করেছেন ইউএনও মো. রেজাউল করিম।