ডিমলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
নীলফামারীর ডিমলা উপজেলায় গত বৃহস্পতিবার দশম শ্রেণীর এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের অভিযোগে ওই ছাত্রীর মা ছয়জনকে আসামি করে গতকাল শুক্রবার ডিমলা থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন উপজেলার উত্তর তিতপাড়া গ্রামের সবুর আলী (২৬), মশিয়ার রহমান (৪০), দুলাল হোসেন (২৮), সাদ্দাম হোসেন (২২), আলমগীর হোসেন (২৬) ও সুফল (২৫)।পুলিশ ও এলাকাবাসী জানান, স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে সবুর আলী ডিমলা শহরের পোস্ট অফিস মোড়ে মশিয়ারের বাড়িতে নিয়ে যান। সেখানে সবুর আলী তাঁকে ধর্ষণ করে অন্যত্র চলে যান। এ সময় সবুরের সহযোগীরা ওই ছাত্রীকে সবুরের সঙ্গে বিয়ে হবে বলে তাঁকে আশ্বস্ত করে। পরে পুলিশ খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে। এ সময় সবুরের সহযোগীরা পালিয়ে যায়। ডিমলা থানার উপপরিদর্শক ফারুক হোসেন জানান, ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে আগামীকাল (শনিবার) সকালে জেলা সদরে পাঠানো হবে। পলাতক থাকায় আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।