ডিমলায় হাটের জমি দখলমুক্ত করতে অবস্থান কর্মসূচি
নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নে অবস্থিত শটিবাড়ি বাজারের জমি দখলমুক্ত করার দাবিতে গতকাল রোববার অবস্থান কর্মসূচি পালন করেছেন ওই বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় ব্যক্তিরা।
গয়াবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনের প্রধান সড়কে বসে গতকাল সকাল ১০টা থেকে প্রায় চার ঘণ্টার ওই অবস্থান কর্মসূচি পালন করা হয়। সেখানে মুক্তিযোদ্ধা মিয়ার উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন টেপাখড়িবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ময়নুল হক, ব্যবসায়ী আবদুল বাতেন, মমিনুর রহমান, হাটের ইজারাদার রাসেল সরকার, আনোয়ার হোসেন, ইউপি সদস্য বাবর আলী প্রমুখ। ওই কর্মসূচি থেকে ঘোষণা দেওয়া হয় দখল হওয়া হাটের ওই সরকারি জমি সাত দিনের মধ্যে প্রশাসন উদ্ধার করতে ব্যর্থ হলে আগামী রোববার অর্ধদিবস হরতাল পালন করা হবে।
ব্যবসায়ী আনোয়ার বলেন, ‘ওই জমি উদ্ধারে “শটিবাড়ি হাটের সরকারি জমি উদ্ধার বাস্তবায়ন কমিটি” করা হয়েছে। ওই কমিটির উদ্যোগে আমরা জেলা প্রশাসনসহ বিভিন্ন স্থানে আবেদন করেছি। মানববন্ধন করেছি, আজকে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।’