ডিমলায় ২১টি ঘরবাড়ি তিস্তা গর্ভে বিলীন
নীলফামারী শহরসহ বিভিন্ন এলাকায় বন্যা-পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে ডিমলায় তিস্তা নদীর ভাঙনে গতকাল শনিবার ২১টি পরিবারের ঘরবাড়ি বিলীন হয়েছে। এ ছাড়া জেলার বিভিন্ন এলাকায় বন্যায় আরও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তিস্তা ব্যারাজের উপবিভাগীয় প্রকৌশলী মইন উদ্দিন জানান, গতকাল বেলা তিনটায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বিপৎসীমার দশমিক ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। গত শুক্রবার ওই পয়েন্টে পানি বিপৎসীমার দশমিক ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। তবে নদীতে এখনই প্রবল স্রোত। উজানের ঢল সামাল দিতে তিস্তা ব্যারাজের ৪৪টি স্লুইসগেট খুলে রাখা হয়েছে। তিস্তা ব্যারাজের ভাটিতে অবস্থিত বাইশপুকুরে মাটির ক্রসবাঁধ ঝুঁকিতে রয়েছে। এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা জানান, গতকাল সকালে তিস্তার ভাঙনে ডিমলা উপজেলার ঝুনাগাছ চাঁপানী ইউনিয়নের ফরেস্টের চর এলাকায় ১৫টি পরিবার ও খালিশা চাঁপানী ইউনিয়নের পূর্ব বাইশপুকুর গ্রামের ছয়টি পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ ছাড়া উজান থেকে আসা ঢলের কারণে তিস্তা নদীসংলগ্ন ডিমলার পশ্চিম ছাতনাই, পূর্ব ছাতনাই, টেপাখড়িবাড়ি, খগাখড়িবাড়ি, গয়াবাড়ি, খালিশাচাঁপানী, ঝুনাগাছচাঁপানী, জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ি, গোলমুন্ডা, শৌলমারী এবং কৈমারী এলাকার চর গ্রামের ঘরবাড়ি, আমন বীজতলা ও ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া নাউতারা নদীর পানির স্রোতের কারণে ডিমলার নাউতারা-সাতজান সড়কটির ১০ ফুট এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সাতজান ইবতেদায়ি মাদ্রাসা ওই নদীগর্ভে বিলীন হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল বিকেল পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি। ফলে জেলা শহরের বিভিন্ন পাড়া ও মহল্লা থেকে পানি নামতে শুরু করেছে।