খামারগুলোতে উৎপাদন কম হওয়ায় বাজারে ডিমের সরবরাহ চাহিদার তুলনায় কম বলে বিক্রেতাদের দাবি। তাই ডিমের দাম বেড়ে এখন আকাশচুম্বী। চট্টগ্রামের খুচরা বাজারে ডিমের প্রতি হালি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকায়। সেই হিসাবে প্রতিটি ডিমের দাম ১০ টাকা ৫০ পয়সা। বেড়েছে রসুন এবং সবজির দামও। রেয়াজউদ্দিন বাজারের পাইকারি ডিম বিক্রেতা মো. রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘বাজারে ডিমের সরবরাহ কম, তাই দামও বেশি। উৎপাদন না বাড়ালে ডিমের দাম আরও বাড়তে পারে। আমরা ১০০টি ডিম ২০ টাকা লাভে বিক্রি করি। দাম বাড়ায় দিন দিন ক্রেতার সংখ্যা কমছে।’ ডিম ছাড়া বাজারে সবজি, রসুন এবং মাছের দাম একটু বাড়তির দিকে রয়েছে বলে বিক্রেতারা জানিয়েছেন। গত সপ্তাহের তুলনায় ১০ টাকা বেড়ে চায়না রসুনের কেজি দাঁড়িয়েছে ১০০ টাকায়। বাজারে দেশি রসুন বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। এ ছাড়া খুচরা বাজারে কাঁচকলা হালি ১৫ থেকে ২০ টাকা, প্রতি কেজি কাঁচা পেঁপে ১৫ টাকা, লাউ ২০ টাকা, ঝিঙা ৩০ টাকা, চিচিঙ্গা ৩০ টাকা, পটোল ২৫ টাকা, করলা ২২ থেকে ২৫ টাকা, বরবটি ২৫ থেকে ৩০ টাকা, দেশি কাঁকরোল ৪০ টাকা, নরসিংদীর কাঁকরোল ৩০ টাকা, কচুর ছড়া ২০ টাকা, বেগুন ২৫ থেকে ২৮ টাকা। গত সপ্তাহের তুলনায় বাজারে কেজিতে পাঁচ টাকা বেড়েছে কাঁচা মরিচের দাম। বাজারে কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। ঈদের পর পরই বাজারে মাছের দাম না বাড়লে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে সামুদ্রিক ও মিঠাপানির উভয় মাছের দাম। গতকাল বিকেলে রেয়াজউদ্দিন বাজারে বাজার করতে আসা নাসিমা ইয়াসমিন বলেন, ‘কিছুদিন আগেও মাছের দাম একটু কম ছিল। এখন আবার বেড়েছে। সাধারণ তেলাপিয়া মাছের দাম গত সপ্তাহেও কেজিপ্রতি ১৩৫ টাকায় কিনেছি। আজ কিনলাম ১৫০ টাকা দিয়ে।’ মাছ ব্যবসায়ী প্রদীপ দাশ জানান, মাছের বাজার আবার আগের অবস্থায় ফিরে এসেছে। ঈদের বন্ধের পর আবার ক্রেতা বেড়েছে। কেনাবেচাও ভালো, তাই দাম একটু বাড়তি। এ ছাড়া বাজারে সব ধরনের ডাল, আটা ও ময়দার দাম বেড়ে এই সপ্তাহে স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে রহমান ব্রাদার্সের মুদি পণ্য বিক্রেতা মো. কামরুল জানান।