ডিমে তা দিচ্ছে অজগর
বরগুনার তালতলী থানার দক্ষিণে বঙ্গোপসাগর তীরবর্তী সংরক্ষিত টেংরাগিরি বনে (স্থানীয় নাম ফাতরার বন) একটি অজগর ডিম দিয়েছে। গত বুধবার সকালে এই বনে রাস্তা নির্মাণ করতে গিয়ে শ্রমিকেরা অজগরটির সন্ধান পান।টেংরাগিরি বন বিভাগ কার্যালয়ের দক্ষিণে পুকুরের পাড়ে উঁচু স্থানে একটি রেইনট্রি গাছ রয়েছে। সেই গাছের শিকড়ের আড়ালে বসে অজগরটি ডিমে তা দিচ্ছে—এমন খবরে এলাকার উৎসুক জনতা প্রতিদিন মা অজগরটি দেখতে ভিড় জমাচ্ছে। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন বনকর্মীরা।সরেজমিন গিয়ে দেখা গেছে, মা অজগরটি কুণ্ডলি পাকিয়ে ডিমগুলো ঢেকে রেখেছে। ডিমের ওপরে মাথা রেখে তা দিচ্ছে। শরীরের ফাঁক দিয়ে তিনটি ডিমের প্রায় পুরোটাই দেখা যাচ্ছে। ডিমগুলোর রং হালকা বাদামি। অনেকটা রাজহাঁসের ডিমের মতো। মানুষের উপস্থিতি টের পেলে অজগরটি মাথা উঁচু করে চোখ মেলে তাকিয়ে থাকে।বন বিভাগের স্থানীয় বিট কর্মকর্তা এইচ এম জলিলুর রহমান বলেন, ‘ধারণা করছি, ৪০টির মতো ডিম দিয়েছে অজগরটি। এর আকৃতি দেখে মনে হয়, এবারই অজগরটি প্রথম ডিম দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘মঙ্গলবার বিষয়টি দেখার পর আমরা অজগরটির নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে সেখানে সার্বক্ষণিক টহলের ব্যবস্থা করেছি।’