ডিমের গুণ সম্পর্কে ভুল ব্যাখ্যা করা হতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, ডিম খাওয়ার সঙ্গে হৃদরোগ ও স্ট্রোকের কোনো সম্পর্ক নেই। প্রতিদিন দু-তিনটি ডিম খাওয়া সম্পূর্ণ নিরাপদ। তাঁদের মতে, ডিমের বহুবিধ গুণ সম্পর্কে এত দিন ভুলভাবে ব্যাখ্যা করা হতো।
বিশ্ব ডিম দিবস উপলক্ষে গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশে বিশ্ব ডিম দিবসে এবারের প্রতিপাদ্য ছিল ‘বাঙালি হবে স্বাস্থ্যবান, প্রতিদিন ডিম খান’।
আলোচনা সভায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এস মাহফুজুল বারি বলেন, ‘ডিম খাওয়ার প্রতিক্রিয়া সবার জন্য এক রকম নয়। ৭০ শতাংশ মানুষের ক্ষেত্রে ডিম খারাপ কোলেস্টেরল বৃদ্ধি করে না। ডিমের বহুবিধ গুণাগুণ সম্পর্কে এত দিন ভুল ব্যাখ্যা করা হতো। বলা হতো, ডিমের ভেতর কোলেস্টেরল রয়েছে, সেহেতু ডিম হৃৎপিণ্ডের জন্য খারাপ। কিন্তু তা সত্য নয়। ২ লাখ ৬৩ হাজার ৯৩৮ জন মানুষের মাঝে চালানো ১৭টি সমীক্ষায় দেখা গেছে, ডিম খাওয়ার সঙ্গে হৃদ্রোগ বা স্ট্রোকের কোনো সম্পর্ক নেই।’
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অজয় কুমার রায় বলেন, ভিটামিন ‘সি’ ছাড়া খাবারের সব উপাদান রয়েছে ডিমে। অন্য খাবারগুলোর তুলনায় এটা সহজে হজম হয়। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ডিম খায় ইসরায়েলের লোকজন।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার খাদ্যনিরাপত্তা-বিষয়ক উপদেষ্টা হাসান আহমেদ চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষ বছরে গড়ে ১০০টি ডিম খায়। কিন্তু এরা আবার বেশির ভাগ শহুরে। গ্রামের মানুষ ডিম কম খায়। তাদের মধ্যে ডিম খাওয়ার বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে।
বাংলাদেশ পোলট্রি শিল্প সমন্বয় কমিটির আহ্বায়ক মসিউর রহমান বলেন, দেশে বর্তমানে দৈনিক দুই কোটি ডিম উৎপাদিত হয়। এর মধ্যে বাণিজ্যিকভাবে উৎপাদিত হয় ৯৫ শতাংশ। তাঁর মতে, ২০২১ সাল নাগাদ বাংলাদেশে দৈনিক ডিমের চাহিদা হবে ৪০ থেকে ৪৫ কোটি। তিনি বলেন, স্বাস্থ্যবিষয়ক সচেতনতা এবং আর্থিক সচ্ছলতা বৃদ্ধির কারণে বাংলাদেশে ডিমের চাহিদা বাড়ছে। কিন্তু ডিম সম্পর্কে নেতিবাচক ধারণা এবং সঠিক প্রচার ও পরিকল্পনার অভাবে ডিমের কাঙ্ক্ষিত চাহিদা বাড়ানো সম্ভব হচ্ছে না।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোফাজ্জল হোসেন বলেন, ডিমে যে কোলেস্টেরল আছে, তা ক্ষতিকর নয় বরং উপকারী। আধুনিক বিজ্ঞান বলছে, সপ্তাহে চারটি ডিম খেলে টাইপ-টু ডায়াবেটিসের ঝুঁকি ৩৭ শতাংশ কমে যায়। সপ্তাহে ছয়টি ডিম খেলে স্তন ক্যানসারের আশঙ্কা ৪০ শতাংশ কমে যায়।
আলোচনা সভায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. বিল্লাল আলম বলেন, শরীরের মোট ক্যালরির ৭৫ শতাংশ আসে কার্বাইড থেকে। বাকি ২৫ শতাংশ আসে প্রোটিন থেকে। ফলে শরীরের মধ্যে শক্তির উৎসের ভারসাম্য থাকে না। তাই শক্তির উৎসের জন্য প্রোটিনের ওপর জোর দিতে হবে। আর প্রোটিনের মূল উৎস হলো ডিম, যা দামেও সস্তা।
আলোচনা সভার আগে ডিম খাওয়ার বিষয়ে সচেতনতা তৈরি করতে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মৎস্য ভবন পর্যন্ত গিয়ে আবার প্রেসক্লাবে ফিরে আসে।