মুরগির খামারে একটি ডিম উৎপাদন করতে খরচ হচ্ছে সাড়ে ৫ থেকে ৬ টাকা। খামার থেকে পাইকারি ব্যবসায়ীরা সেই ডিম কিনছেন ৪ থেকে সাড়ে ৪ টাকায়। খোলা বাজারে বিক্রি হচ্ছে ৬ থেকে ৭ টাকায়। ব্যবসায়ীরা লাভ করলেও মাঝখানে ডিমপ্রতি একজন খামারির লোকসান গুনতে হচ্ছে দেড় থেকে দুই টাকা। ফলে বিপাকে পড়েছেন রাজশাহী অঞ্চলের ছোট পোলট্রি খামারিরা।
খামারিরা বলছেন, চার-পাঁচ মাস আগেও তাঁরা খামারে বসে ৭ টাকায় প্রতিটি ডিম বিক্রি করেছেন। কিন্তু এই কয়েক মাসে ক্রমাগত ডিমের দাম কমায় এখন তাঁদের লোকসান গুনতে হচ্ছে। ডিমের বাচ্চা উৎপাদনকারী, খাবার উৎপাদনকারী, পাইকারি ব্যবসায়ী সবাই লাভ করছেন। কিন্তু লোকসান গুনতে হচ্ছে ডিম উৎপাদনকারী খামারিদের। সারা দেশের চিত্র প্রায় একই রকম বলে জানালেন রাজশাহীর খামারিরা। আর আড়তদারেরা বলছেন, চাহিদার চেয়ে বাজারে িডমের সবরবরাহ বেশি। তাই দাম ওঠানামার মধে্য আছে।
ডিমের দাম অস্বাভাবিক হারে কমে যাওয়ায় গত শনিবার রাজশাহীতে মহাসড়কে বিপুল পরিমাণ ডিম ভেঙে প্রতিবাদ জানিয়েছেন পোলট্রি খামারিরা। মুরগির বাচ্চা, খাবার ও ওষুধের দাম কমানোর দাবিতে তাঁরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভও করেন। গতকাল নগরের সাহেববাজার ডিমের আড়তগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি হালি সাদা রঙের ডিম বিক্রি হচ্ছে ২২-২৬ টাকায়। আর প্রতি হালি লাল রঙের খামারের মুরগির ডিম বিক্রি হচ্ছে ২৬ টাকায়। কয়েক মাস আগেও মুরগির ডিম ২৮-৩২ টাকায় বিক্রি হয়েছে। আড়তদার জাহিদুর রহমান বলেন, কিছুদিন ধরে ডিমের দাম কমছে। বাজারে ডিমের চাহিদার চেয়ে সরবরাহ অনেক বেশি। দাম ওঠানামার মধ্যেই আছে।
গোদাগাড়ীর রাজাবাড়ীতে পোলট্রি খামার আছে হাসিবুর রহমানের। তিনি বলেন, হ্যাচারিতে লেয়ার মুরগির বাচ্চা উৎপাদন করতে খরচ হয় ২৫-৩০ টাকা। কিন্তু সরকারের তদারকি না থাকায় সেই মুরগির বাচ্চা কিনতে হয় ১০০-১২০ টাকা পর্যন্ত। এতে করে খামারিদের ডিমের উৎপাদন খরচ বেড়ে যায়। তিনি বলেন, এখন ডিম বিক্রি করে যে টাকা পাওয়া যায়, সেই টাকা দিয়ে মুরগির খাবারই পুরোপুরি কেনা যাচ্ছে না। রাজশাহী পোলট্রি, ফিশ ও ক্যাটল ফিড ডিলার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, গোটা জেলায় ছোট-বড় মিলিয়ে এক লাখের মতো পোলট্রি খামার আছে। যার মধ্যে পাঁচ হাজারের মতো খামারে ডিম উৎপাদিত হয়। খামারিরা বলছেন, এই খাতে সরকারের তেমন কোনো নজরদারি নেই। সুষ্ঠু নীতিমালা না থাকার কারণে হ্যাচারির মালিকেরা ইচ্ছামতো বাচ্চার দাম রাখছেন। খাবার উৎপাদনকারীরা লাভের হিসাব ঠিক রেখেই উচ্চমূল্যে খাবার বিক্রি করছেন। কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামারিরা। এই পরিবেশে বড় খামারিরা কিছুটা লাভ করতে পারলেও ছোট খামারিরা টিকতে পারছেন না।
বাংলাদেশ পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ রাজশাহী শাখার সভাপতি মাহফুজুর রহমান বলেন, পোলট্রি খামারে লাভের আশায় প্রচুর মানুষ ছোট ছোট খামার দিয়েছে। এ বছর ডিমের উৎপাদনও ভালো হয়েছে। বাজারে প্রচুর ডিমের সরবরাহ। ফলে হুট করে ডিমের দাম কমে গেছে।