ডিমের দাম কিছু বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাজারে ডিমের দাম বেড়েছে। কিছুদিন আগে এক ডজন ডিম কিনতে ক্রেতাদের ৯০-৯৫ টাকা ব্যয় হতো। এখন তা ১০০ থেকে ১০৫ টাকায় উঠেছে। হালিতে বেশি দিতে হচ্ছে ৩ থেকে ৪ টাকা।
বিক্রেতারা জানিয়েছেন, হাঁসের ডিমের সরবরাহ কমে যাওয়া ও শবে বরাতে খামারিরা লেয়ার মুরগি বিক্রি করে ফেলায় ডিমের সরবরাহ কম। এ কারণে দাম কিছুটা বাড়তি। তবে রোজা এলে চাহিদা কমে গিয়ে ডিমের দাম কমতে পারে।
গত এক সপ্তাহে ডিম ছাড়া অন্যান্য পণ্যের দাম নতুন করে বাড়েনি রাজধানীর বাজারে। ছোলা, চিনি, পেঁয়াজ, রসুন বিক্রি হচ্ছে আগের দামেই। অবশ্য এসব পণ্যের দাম আগে থেকেই চড়ে আছে। শবে বরাতের আগে ব্রয়লার মুরগির দাম বেড়েছিল। তা কিছুটা কমলেও আগের অবস্থানে যায়নি।
রাজধানীর কারওয়ান বাজার, সেগুনবাগিচা কাঁচাবাজার ও কাজীপাড়া বাজার ঘুরে দেখা গেছে, ফার্মের মুরগির লাল ডিম প্রতি হালি ৩৫ ও হাঁসের ডিম ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ৫০ টাকা হালি দরে। অন্যদিকে সাদা ডিম ১২০ টাকা ডজন দরে মিলছে।
তেজগাঁও ডিমের আড়ত মালিক সমিতির উপদেষ্টা ও খামারমালিক মাসুম খান প্রথম আলোকে বলেন, চলতি মাসের শুরুতে আড়তে ১০০ ডিমের দাম ছিল ৭৪০ টাকা। এরপর তা কমতে কমতে ৬৪০ টাকায় নেমেছিল। গত দুই দিনে সামান্য বেড়ে গতকাল শনিবার ৬৬০ টাকায় উঠেছে। তিনি বলেন, শবে বরাতে ভালো দাম পেয়ে অনেক খামারি মুরগি বিক্রি করে দিয়েছেন। জ্যৈষ্ঠ মাস শেষের পথে, হাঁসের ডিমের সরবরাহও কমছে। এসব কারণে আড়তে ডিমের পড়তি দাম স্থিতিশীল হয়েছে। খুচরায় দাম বাড়ছে কেন? জানতে চাইলে তিনি বলেন, আড়তের চেয়ে অনেক বেশি দরে খুচরায় বিক্রি হয়। আড়তে দাম কমলে তার সুফল ক্রেতারা পান না। বাড়ছে কেন তা-ও অজানা।
সেগুনবাগিচা কাঁচাবাজারের ডিমের খুচরা বিক্রেতা ইয়ারুল ইসলাম বলেন, বৃষ্টিতে ডিমের সরবরাহ কমেছে। এ কারণে দাম কিছুটা বেড়েছে।
বাজারে ছোলা প্রতি কেজি ৯০-১০০ টাকা, চিনি ৫৮-৬০ টাকা, চীনা রসুন ২০০-২২০ টাকা, আদা ৬০-৮০ টাকা, দেশি পেঁয়াজ আকারভেদে ৪৫-৫০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ২৮-৩২ টাকা দরে বিক্রি হচ্ছে। ১৮০-১৯০ টাকা থেকে কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকায়। বাজারভেদে গরুর মাংস বিক্রি হচ্ছে ৪২০ থেকে ৪৫০ টাকায়।