ডিমের দাম চড়া, বেড়েছে সবজি ও মাছের দাম
বার্ড-ফ্লু প্রাদুর্ভাবের কারণে চট্টগ্রামের বাজারে ডিমের দাম এখন চড়া। এ ছাড়া বেড়েছে সবজি ও মাছের দাম। গতকাল শুক্রবার নগরের বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র পাওয়া গেছে। নগরের রেয়াজউদ্দিন বাজার, কাজির দেউরি, ২ নম্বর গেট বাজারের ডিম ব্যবসায়ীরা জানান, খুচরা দরে ব্রয়লার মুরগির ডিমের প্রতি হালি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩৭ টাকা। ডজন বিক্রি হচ্ছে ১০৫ টাকায়। দেশি মুরগির ডিম প্রকারভেদে ডজন ১২৫ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে দেশি মুরগির ডিমের দাম বেড়েছে ডজনে ১০ এবং ফার্মের মুরগির ডিমে বেড়েছে পাঁচ টাকা। এ ছাড়া হাঁসের ডিমের দাম প্রতি ডজন ১১০ টাকা। বেড়েছে মুরগির দামও। গত সপ্তাহের তুলনায় দেশি মুরগির দাম পাঁচ টাকা বেড়ে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৩০০ এবং ব্রয়লার মুরগির দাম ১৬৫ টাকা হয়েছে। ডিম-বিক্রেতা মোহাম্মদ আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, এখন পোলট্রি খামারগুলোতে বার্ড-ফ্লু প্রাদুর্ভাবের ফলে মুরগি নিধন করা হচ্ছে। এতে ডিমের উৎপাদনের পরিমাণ আগের তুলনায় অনেক কমে গেছে। সরবরাহে ঘাটতি এবং পাইকারি বাজারে ডিমের দাম বেড়ে যাওয়ায় মুরগি ও ডিমের দাম বেড়েছে। বাজার ঘুরে দেখা গেছে, ডিমের পাশাপাশি মাছ ও সবজির দামও বেড়েছে। এ জন্য মাছের মৌসুম না হওয়া অর্থাৎ সাগর এবং নদীতে মাছ কম ধরা পড়াকে দায়ী করেছেন মাছ ব্যবসায়ীরা। চট্টগ্রামের বাজারে মলা মাছের দাম কেজিপ্রতি ২২০ টাকা, রুই দেশি ৩০০ টাকা এবং মিয়ানমারের রুই ১৮০ থেকে ২০০ টাকা, তেলাপিয়া ১৫০ থেকে ১৬০ টাকা, টেংরা ২৮০ টাকা, ফলি ২৬০ টাকা, পাঙাশ ১৪০ টাকা, কোরাল ৪৮০ টাকা, সুরমা ৩৫০ টাকা, বড় আকারের রূপ চাঁদা ৭০০ এবং ছোট ৪০০ টাকা, ইলিশ ৭০০ থেকে এক হাজার ২০০ টাকা পর্যন্ত। বিভিন্ন আকারের গলদা, বাগদা, চাকা চিংড়ির দাম ২৮০ থেকে ৫৫০ টাকা। এসব মাছের দাম গত সপ্তাহের তুলনায় কেজিপ্রতি বেড়েছে পাঁচ থেকে ১০ টাকা। মাছ-বিক্রেতা মোহাম্মদ শাহীন প্রথম আলোকে বলেন, মাছের মৌসুম না হওয়ায় সাগর নদীতে মাছ ধরা পড়ছে কম। সেই প্রভাব বাজারে এসে পড়েছে। মাছের সরবরাহ আগের তুলনায় কমে যাওয়ায় মাছের দাম বেড়ে গেছে। এ অবস্থা কাটিয়ে উঠতে আরও মাস খানেক সময় লাগবে। এদিকে শীতকালীন সবজির সরবরাহ কমে আসছে। তাই দামও বাড়ছে। তবে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ ধীরে ধীরে বাড়ছে। তবে দাম চড়া।