নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল বিক্রির জন্য ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জাতীয় পার্টির (জাপা) নেতা-কর্মীরা গতকাল রোববার উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয় ঘেরাও করেন। পরে চেয়ারম্যানকে স্মারকলিপি দেওয়া হয়।
বিকেলে একটি বিক্ষোভ মিছিল উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয় ঘেরা করে সমাবেশ হয়। বক্তব্য দেন উপজেলা জাপার সহসভাপতি আলতানুর রহমান, উপজেলা যুবসংহতির সভাপতি সায়েদুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, অর্থের বিনিময়ে একটি চক্র প্রভাব খাটিয়ে জামায়াত ও বিএনপির লোকদের ডিলার নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করেছে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত যোগ্য ব্যক্তিদের ডিলার নিয়োগ করতে হবে।
এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাপার সভাপতি রশিদুল হক বলেন, ‘আজ (গতকাল) ডিলারদের তালিকা প্রকাশের কথা ছিল। কিন্তু এর আগে ওই বিক্ষোভ মিছিল হয়। তাই ডিলার নিয়োগ-প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।’
এক প্রশ্নের জবাবে রশিদুল হক বলেন, ‘আমি এখনো চূড়ান্ত তালিকা দেখিনি। আওয়ামী লীগ ও জাপার কিছুসংখ্যক নেতা-কর্মী ডিলার হতে চান। তাঁরাই আরও কিছু নেতা-কর্মীকে ডেকে বিক্ষোভ মিছিল করেন।’
সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, এই উপজেলায় ২২ হাজার ৫০০ কার্ডের চাল বিতরণের জন্য ডিলার নিয়োগ দেওয়া হবে ৪৪ জন। এর বিপরীতে ১৩৯ জন আবেদন করেছেন।