ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ঝাড়ু মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গতকাল বুধবার ঝাড়ু মিছিল করেছেন উপজেলা জাতীয় পাটির নেতা-কর্মীরা। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা এ সময় স্থানীয় সাংসদ বিরোধীদলীয় হুইপ জাপা নেতা মো. শওকত চৌধুরীর বিরুদ্ধে নানা স্লোগান দেন।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে ঝাড়ু মিছিল বের করে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তাঁরা। পরে কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে অবস্থিত উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করা হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মো. তুহিন ইসলাম, সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. ইউসুব আলী, নিতাই ইউনিয়ন জাতীয় পার্টির সহসভাপতি লেবু মিয়া, উপজেলা যুব সংহতির সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রমিক পার্টির সম্পাদক ইলিয়াস আলী প্রমুখ।
বক্তারা বলেন, সাংসদ মো. শওকত চৌধুরী ১০ টাকা কেজি দরের চাল বিতরণে দলীয় নেতা-কর্মীদের বঞ্চিত করে সাংসদের স্থানীয় প্রতিনিধি রেজাউল ইসলামের মাধ্যমে মোটা টাকার বিনিময়ে জামায়াত-বিএনপির লোকজনকে ডিলার নিয়োগের পাঁয়তারা করছেন। নির্বাচিত হওয়ার পর থেকে তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগও রাখছেন না।
উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলম হোসেন বলেন, মো. শওকত চৌধুরী সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে দলীয় নেতা-কর্মীদের মূল্যায়ন না করে তাঁর প্রতিনিধি রেজাউল ইসলামের মাধ্যমে দুর্নীতি করছেন। সর্বশেষ ১০ টাকা কেজি দরের চাল বিতরণেও ডিলার নিয়োগে মোটা অঙ্কের টাকা নিয়ে বিএনপি জামায়াতের লোকজনকে ডিলার নিয়োগের পাঁয়তারা করছেন তিনি। এ কারণে ক্ষিপ্ত হয়ে দলীয় নেতা-কর্মীরা গতকাল ওই ঝাড়ু মিছিল ও সমাবেশ করেন।
সাংসদ মো. শওকত চৌধুরী বলেন, ‘শুনেছি নেতা-কর্মীরা ঝাড়ু মিছিল করেছেন। আমি দেখি নাই। তাঁরা কেন করছেন জানি না।’ তিনি আরও বলেন, ‘ডিলার নিয়োগে ১৬০টা দরখাস্ত পড়েছে, নেওয়া হবে ২৭ জনকে। ইউএনওর সভাপতিত্বে একটি কমিটি আছে, ওই কমিটি ডিলার নিয়োগ দেবে। ডিলার নিয়োগের প্রক্রিয়া স্বচ্ছ করতে আমি তাদের লটারির মাধ্যমে ডিলার নিয়োগের পরামর্শ দিয়েছি।’
এর আগে একই অভিযোগে ২৩ অক্টোবর উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জাতীয় পার্টি।