ডিলার পরিবর্তনে সাংসদের চাপ, ওএমএস চালু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) শুরু হলেও রাজশাহীর বাঘায় তা শুরু করা যায়নি। প্রশাসন বলছে, স্থানীয় সাংসদ ডিলার পরিবর্তন করতে চান, এ জন্য বাঘায় চাল বিক্রি শুরু করা যায়নি। আর সাংসদ বলছেন, প্রশাসনের দুর্বলতা বা গাফিলতির কারণে ওএমএস চালু হয়নি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা পর্যায়ে চাল ওএমএসের কার্যক্রম পরিচালনার জন্য যে কমিটি আছে, এর সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সাধারণ সম্পাদক উপজেলা খাদ্যনিয়ন্ত্রক। এতে সাংসদের মনোনীত দুজন প্রতিনিধিও থাকেন।বাঘা উপজেলা নির্বাহী কার্যালয় সূত্রে জানা গেছে, আগে বাঘায় ওএমএসের চাল বিক্রির জন্য আটজন ডিলার নিয়োগ করা ছিল। গত ২০ অক্টোবর থেকে ওএমএসের চাল বিক্রির জন্য মন্ত্রণালয় থেকে চিঠি আসে। চিঠিতে পাঁচজন ডিলার রাখার কথা বলা হয়েছে। একজন ডিলার সপ্তাহের ছয় দিন এক হাজার কেজি করে চালের বরাদ্দ পাবেন। কিন্তু স্থানীয় সাংসদ আগের সব ডিলার বাদ দিয়ে নতুন করে নিয়োগের জন্য ইউএনওকে নির্দেশ দেন। এ ছাড়া ওএমএসের কার্যক্রম পরিচালনার জন্য গঠিত কমিটিতে সাংসদের মনোনীত যে দুজন প্রতিনিধি থাকেন, তাঁদের নতুন নাম দিয়েছেন। এগুলো অনুমোদনের জন্য জেলা প্রশাসকের কাছে পাঠানো হলেও তা এখনো অনুমোদন হয়ে আসেনি। নতুন ডিলার নিয়োগের জন্য বিজ্ঞপ্তিও দেওয়া হয়নি।বাঘা পৌর এলাকার নারায়ণপুর বাজারের ডিলার সাইফুল ইসলাম বলেন, প্রতিদিনই তাঁর কাছে লোকজন ওএমএসের চালের খোঁজ নিতে আসছে। তিনি তাদের কোনো জবাব দিতে পারছেন না।ইউএনও শহিদুল ইসলাম বলেন, নীতিমালা অনুযায়ী পুরোনো ডিলারদের মধ্য থেকে এবারের জন্য লোক নেওয়া যাবে। এ কারণে নতুন করে আর বিজ্ঞপ্তির প্রয়োজন পড়বে না। কিন্তু স্থানীয় সাংসদের ইচ্ছা, নতুন করে সব ডিলার নিয়োগ দেওয়া। এ কাজ করতে গিয়ে তাঁদের বিলম্ব হচ্ছে। তিনি এ ব্যাপারে নির্দেশনা চেয়ে ঈদের প্রায় এক সপ্তাহ আগেই রাজশাহী জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছেন। গতকাল বুধবার পর্যন্ত এ ব্যাপারে তাঁরা কোনো নির্দেশনা পাননি। নির্দেশনা পেলে সেই মোতাবেক কাজ করতে পারবেন।রাজশাহী জেলা প্রশাসক আবদুল হান্নান বলেন, তিনি পুরোনো ডিলারদের মাধ্যমেই চাল বিক্রি করার নির্দেশনা দিয়েছেন। তিনি আরও বলেন, সরকারের নীতিমালা অনুযায়ী আগের নিয়োগপ্রাপ্ত ডিলারদের দিয়েই চাল বিক্রির ব্যবস্থা করতে হবে।জেলা প্রশাসক বলেন, স্থানীয় সাংসদ নতুন ডিলার চাইছেন, কিন্তু এর প্রক্রিয়া এত দীর্ঘ যে বাঘার লোক আর সহজে ওএমএসের চাল খেতে পারবে না।এ ব্যাপারে স্থানীয় সাংসদ শহরিয়ার আলম প্রথম আলোকে বলেন, ওএমএসের চালের দামের সঙ্গে বাজারমূল্যের তেমন পার্থক্য না থাকায় লোকজন এ চাল কিনছে না। এ জন্য ডিলাররা তা বিক্রি করছেন না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিন সপ্তাহ আগে ডিলার পরিবর্তনের জন্য তিনি ইউএনওকে চিঠি দিয়ে নির্দেশনা দিয়েছেন। তার পরও এটা যখন হয়নি, তাহলে বলতে হবে প্রশাসনের দুর্বলতা ও গাফিলতির কারণেই হচ্ছে না। এ ব্যাপারে তাঁর আন্তরিকতার কোনো ঘাটতি নেই।