কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জয় বাংলা বাজারের সাব-ডিলার মাহবুবুর রহমানের বিরুদ্ধে ইউরিয়া সার ওজনে কম দেওয়া ও বেশি দামে বিক্রি করার অভিযোগ ওঠে। পরে গতকাল বুধবার দুপুরে জয় বাংলা বাজারে এক গ্রাম্য সালিসে ওই ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সালিসে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ বি এম রাকিবুল ইসলাম, জ্যেষ্ঠ উপসহকারী কৃষি কর্মকর্তা তাজুল ইসলাম, সংশ্লিষ্ট এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার উদ্দিন ফকির উপস্থিত ছিলেন। মাহবুবুর উপজেলার সদর ইউনিয়নের দড়িজাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা। জরিমানার টাকা তিনি গ্রামের মসজিদ-মাদ্রাসায় দেওয়ার অঙ্গীকার করেছেন।এর আগে সকালে সরেজমিনে জয় বাংলা বাজারে গিয়ে এলাকার কৃষকদের সঙ্গে এ ব্যাপারে কথা হয়। এ সময় শতাধিক কৃষক সারের প্রতি বস্তায় আট থেকে দশ কেজি কম হওয়ার কথা জানান। এ ছাড়া তাঁরা জানান, ৫০ কেজি ইউরিয়ার বস্তা সরকার নির্ধারিত এক হাজার টাকার চেয়ে ১০০-৫০ টাকা বেশি মূল্যে ওই ডিলারের কাছ থেকে তাঁরা কিনেছেন। পরে উপজেলা কৃষি কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি ওই তিন কর্মকর্তাকে জয় বাংলা বাজারে পাঠান। দড়িজাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা কৃষক মাসুদ আহম্মেদ বলেন, ‘কয়েক দিন আগে আমি এক বস্তা সার এক হাজার ৫০ টাকায় কিনে বাড়িতে নিয়ে মাপার পর আট কেজি সার কম পাই।’ বিষয়টির প্রতিবাদ করলে মাহবুবুর আমাকে বলেন, ‘আপনি এ ব্যাপারে কাউকে কিছু বলবেন না। আপনার প্রয়োজনীয় সার সঠিকভাবে বাড়িতে পাঠিয়ে দেব।’ কৃষক হারুন মিয়া বলেন, ‘প্রতি বস্তা এক হাজার ১০০ টাকা করে তিন বস্তা সার নিয়েছি। তিন বস্তায় নয় কেজি করে মোট ২৭ কেজি সার কম হয়েছে।’ মুঠোফোনে সাব-ডিলার মাহবুবুর রহমান বলেন, ‘বস্তায় সার কেন কম হয় বুঝতে পারছি না।’ তবে বেশি দামে সার বিক্রির বিষয়টি তিনি অস্বীকার করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ বি এম রাকিবুল ইসলাম বলেন, সারের বস্তায় ওজনে কম দেওয়া এবং বাজার দরের চেয়ে বেশি দামে বিক্রির বিষয়টি প্রমাণিত হয়েছে। সরকারি কর্মকর্তা হয়ে কীভাবে গ্রাম্য সালিসে জরিমানা আদায়ের ঘটনায় জড়িত হলেন, জিজ্ঞাসার জবাবে তিনি বলেন, ওই সময় প্রায় দুই শতাধিক এলাকাবাসী ছিলেন। পরিস্থিতি সামাল দিতে এটা করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. দুলাল হোসেন বলেন, বিষয়টি সামাজিকভাবে মীমাংসা হয়ে গেছে। এরপর যদি ওই সাব-ডিলারের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া জামান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখার পর ব্যবস্থা নেওয়া হবে।