খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল বিক্রিতে অনিয়মের দায়ে গতকাল মঙ্গলবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের ডিলার মিজানুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এদিকে, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের ডিলার ফেরদৌসী বেগমের বিরুদ্ধে চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওই ডিলারের বিরুদ্ধে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
উপকারভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে গোদাগাড়ীর গোগ্রাম ইউনিয়নের কোমরপুর বাজারে ডিলার মিজানুর রহমান ১০ টাকা কেজির চাল বিক্রি করছিলেন। তিনি একবার চাল দিয়ে কার্ডধারীদের কাছ থেকে দুবারের জন্য স্বাক্ষর নিচ্ছিলেন। দুপুর পৌনে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ নেওয়াজ ও সহকারী কমিশনার (ভূমি) মনির হোসেন সেখানে যান। তাঁরা সরেজমিনে অনিয়মের প্রমাণ পান। পরে মনির হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মিজানুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন। মিজানুর রহমান গোগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
মনির হোসেন বলেন, ‘আগের দিনই (সোমবার) খবর পেয়েছিলাম গোগ্রাম ইউনিয়নে ১০ টাকা কেজির চাল বিক্রিতে অনিয়ম হচ্ছে। এ জন্য গতকাল কোমরপুর বাজারে অভিযান চালাই। এ সময় অভিযোগের সত্যতা পেয়েছি। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ডিলারকে সাজা দেওয়া হয়েছে। জরিমানার টাকা তিনি সঙ্গে সঙ্গে পরিশোধ করে দিয়েছেন।’
এ ব্যাপারে কথা বলার জন্য গতকাল মিজানুর রহমানের মুঠোফোনে ফোন দিলেও বন্ধ পাওয়া যায়।
উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নে ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন ফেরদৌসী বেগম। তাঁর স্বামী নজরুল ইসলাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগীরা অভিযোগ করেন, ডিলার ফেরদৌসী বেগম কার্ডধারীদের চাল মাপে কম দেন। তিনি বেশ কিছু পরিমাণ চাল বাইরে বিক্রি করে দিয়েছেন। এ জন্য অনেক কার্ডধারী চাল পাননি। বিষয়টি ইউপি পরিষদের চেয়ারম্যান ফিরোজ উদ্দিনকে জানানোর পর তিনি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
এ দিকে চাল না পেয়ে ডিলারের বিচারের দাবিতে গত রোববার ও সোমবার ইউনিয়ন পরিষদ চত্বরে মানববন্ধন করেন উপকারভোগীরা।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ফিরোজ উদ্দিন বলেন, কার্ডধারীরা ডিলার ফেরদৌসী বেগমের বিরুদ্ধে অভিযোগ করলে সেটি প্রাথমিকভাবে তদন্ত করা হয়। অনিয়মের প্রমাণ পাওয়ায় জেলা প্রশাসক ও ইউএনওর কাছে ইউনিয়নবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ডিলার ফেরদৌসী বেগমের মুঠোফোনে ফোন দিলেও তিনি ধরেননি। তাঁর স্বামী নজরুল ইসলাম বলেন, ‘স্ত্রীর নামে ডিলারশিপ নিয়েছি। লোকজন রেখে তিনি কার্যক্রম পরিচালনা করছেন। চাল কম দেওয়া বা কালো বাজারে বিক্রির অভিযোগ সত্য নয়। চেয়ারম্যান অন্যায়ভাবে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।’
ভারপ্রাপ্ত ইউএনও আকরাম আলী গতকাল বলেন, ‘লিখিত অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক মহোদয় উপজেলা খাদ্য কর্মকর্তাকে প্রধান করে তদন্তের নির্দেশ দিয়েছেন। আজ-কালের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে।’ ডিলার নিয়োগের বিষয়ে তিনি বলেন, ইউএনও সাহেব ছুটিতে আছেন। তিনি আসার পর নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’