ডিলারদের গাফিলতিতে চাঁদপুরের হাজীগঞ্জে দুটি ইউনিয়নের (ইউপি) ৪৭৭ জন হতদরিদ্র ব্যক্তি ১০ টাকা কেজি দরের চাল কিনতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে। সেপ্টেম্বর মাসের জন্য তাঁদের ওই চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। এসব ব্যক্তি কবে চাল পাবেন বা আদৌ পাবেন কি না, সে বিষয়ে স্থানীয় প্রশাসন সঠিক তথ্য দিতে পারেনি।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপে উপজেলার ১২টি ইউনিয়নে ৭ হাজার ২৬৫ জন ব্যক্তিকে খাদ্যবান্ধব কর্মসূচির তালিকাভুক্ত করা হয়েছে। তাঁদের কাছে চাল বিক্রির জন্য উপজেলা প্রশাসন ২১ জন ডিলার (পরিবেশক) নিয়োগ দিয়েছে। গন্ধব্যপুর উত্তর ইউপিতে ৫২৫ জন ব্যক্তির মধ্যে চাল বিতরণের জন্য দুজন ও গন্ধব্যপুর দক্ষিণ ইউপিতে ৫৭৫ জন ব্যক্তির মধ্যে চাল বিতরণের জন্য দুজন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
গন্ধব্যপুর উত্তর ইউপিতে মেসার্স আলম ট্রেডার্সের মালিক মো. শাহ আলম খোকন ৩২৩ জন ও মেসার্স মাহি ও মাসফি এন্টারপ্রাইজের মালিক মো. জহিরুল ইসলামকে ২০২ জনের কাছে চাল বিক্রির দায়িত্ব দেওয়া হয়। একইভাবে গন্ধব্যপুর দক্ষিণ ইউপিতে মেসার্স পায়েল অ্যান্ড পাভেল ট্রেডার্সের মালিক মো. শাহাদাত হোসেনকে ৩০০ জন ও মেসার্স জসিম উদ্দিন ট্রেডার্সের মালিক মো. জসিম উদ্দিন সরকার ২৭৫ জনের কাছে চাল বিক্রির দায়িত্ব পেয়েছেন।
খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে আরও জানা গেছে, গন্ধব্যপুর উত্তর ইউপির ডিলার মো. জহিরুল ইসলাম ও গন্ধব্যপুর দক্ষিণের ডিলার জসিম উদ্দিন চাল উত্তোলন করেননি। ইতিমধ্যে জসিম উদ্দিন অসুস্থতাজনিত কারণ দেখিয়ে ডিলারশিপ বাতিলের আবেদন করেছেন। সেখানে ফয়জুল ইসলাম নামের এক ব্যক্তিকে নতুন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। ফয়জুল এখনো জামানতের ২০ হাজার টাকা ও কাগজপত্র জমা না দেওয়ায় খাদ্যনিয়ন্ত্রক মো. মহি উদ্দিন তাঁকে চাল দেননি। অন্যদিকে জহিরুল ইসলাম এখনো জামানতের ২০ হাজার টাকা জমা দেননি এবং চাল উত্তোলনের জন্য খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ে যোগাযোগ করেননি। এ কারণে ওই দুই ইউনিয়নের ৪৭৭ জন হতদরিদ্র ব্যক্তি ১০ টাকা কেজি দরে চাল কেনার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে ডিলার ফয়জুল ইসলাম বলেন, ‘আমাকে আরেকজনের জায়গায় নতুন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। কাগজপত্র ঠিক করে চলতি মাসেই চাল উত্তোলন করে কার্ডধারীদের মধ্যে বিতরণ করা হবে।’ এ বিষয়ে অপর ডিলার জহিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. মহি উদ্দিন বলেন, ‘গত মাসে তিনজন ডিলার চাল উঠাননি। হাজীগঞ্জ সদর ইউনিয়নের একজন ডিলার ৩০ সেপ্টেম্বর চাল ওঠাতে এসেছিলেন। মাসের শেষ দিনে চালের জন্য আসায় নয়ছয়ের সম্ভাবনা থাকায় তাঁকে চাল দেওয়া হয়নি। অবশ্য গত বৃহস্পতিবার তিনি চাল উত্তোলন করেছেন। অন্য দুই ডিলারকে দ্রুত কাগজপত্র ঠিক করে চাল উত্তোলনের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ সেপ্টেম্বর মাসের বরাদ্দকৃত চাল উত্তোলনের জন্য কোনো ব্যবস্থা আছে কি না, জানতে চাইলে মহি উদ্দিন এ প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল আলম মজুমদার বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমি এখনই এ বিষয়ে খাদ্যনিয়ন্ত্রকের সঙ্গে কথা বলছি।’