ডিলারদের বিরুদ্ধে বেশি দাম নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোরো মৌসুম সামনে রেখে জয়পুরহাটে বীজের ডিলাররা বেশি মুনাফার লোভে বীজের কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন বলে অভিযোগ করেছেন কৃষকেরা। চড়া দামের কারণে তাঁদের কাছ থেকে কৃষকেরা বীজ কিনতে পারছেন না। অন্যদিকে সরকার-নির্ধারিত দামে বিক্রি করা হলেও চাহিদার তুলনায় বিএডিসির বীজ কম থাকায় কৃষকেরা চাহিদামতো সংগ্রহ করতে পারছেন না। এ অবস্থায় ১ নভেম্বর থেকে বীজ বিপণনকেন্দ্রে কৃষকের ভিড় ঠেকাতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বীজ বিপণনকেন্দ্র সূত্রে জানা গেছে, জেলায় চলতি মৌসুমে বোরো বীজের চাহিদা রয়েছে দুই হাজার ২৪৩ টন, আর বিএডিসির বীজ বিপণনকেন্দ্র বরাদ্দ পেয়েছে মাত্র ৪৬৮ টন। বীজ বিপণনকেন্দ্র থেকে ৭৫ টন ব্রি-২৮, ২৯, ৪৫ এবং বিআর-১৬ ধান বিক্রি করা হচ্ছে। বীজ বিপণনকেন্দ্র থেকে গত ২৩ অক্টোবর থেকে কৃষকদের মধ্যে বোরো বীজ বিক্রি করা হচ্ছে। ২৩ অক্টোবর স্লিপের মাধ্যমে বীজ বিক্রি শুরু হলে কৃষকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে জেলা প্রশাসকের নির্দেশে গত ৩ নভেম্বর থেকে কৃষি উপকরণ সহায়তা কার্ড দেখে কৃষকদের মধ্যে বীজ বিক্রি শুরু করে বিএডিসি। অন্যদিকে জেলার ৯১ জন ডিলারের কাছে ৩৯৩ টন বীজ বিক্রি করতে দেওয়া হয়েছে।গত বুধবার বিএডিসির বীজ বিপণনকেন্দ্রে গিয়ে দেখা যায়, পাঁচ শতাধিত কৃষক বীজের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। সদর উপজেলার চকজয়কৃষ্ণপুর গ্রামের মীর শহীদ অভিযোগ করেন, বিএডিসির বীজ নিতে এসে তিনি দুই দিন ফিরে গেছেন। আজও (বুধবার) লম্বা লাইনে দাঁড়িয়েছেন। কৃষকদের অভিযোগ, বিএডিসির ডিলাররা বীজ তুলে নিয়ে গিয়ে সরকার-নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে বিক্রি করছেন। পাঁচবিবি উপজেলার আংড়া গ্রামের কৃষক গোলাম রব্বানী, সদর উপজেলার দোগাছী গ্রামের আব্দুল মান্নান, ইদ্রিস আলী, দুর্গাদহ গ্রামের মুনির হোসেন অভিযোগ করেন, ডিলাররা বিএডিসির সরবরাহ করা ব্রি-২৮ ধানের ১০ কেজি ওজনের বস্তা ৪৫০-৪৬০ টাকা দামে বিক্রি করছেন। এ কারণেই তাঁরা বিএডিসিতে ৩৩০ টাকা দামে নিতে এসেছেন। জয়পুরহাট বীজ বিপণনকেন্দ্রের সহকারী পরিচালক জুলফিকার মো. সরোয়ার জাহান জানান, জেলায় ৪৬৮ টন বীজ বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে তাঁরা নিজেরা ৭৫ টন বীজ সরাসরি কৃষকদের কাছে বিক্রি করছেন। বাকি বীজ জেলার ৯১ জন ডিলারের কাছে বিক্রির জন্য দেওয়া হয়েছে। তাঁরা কৃষকের কাছে ৩৩০ টাকা দরে ১০ কেজি ওজনের বীজের বস্তা বিক্রি করবেন। জেলায় ব্রি-২৮ ধানের ব্যাপক চাহিদা থাকায় গত কয়েক দিন অধিকসংখ্যক কৃষক বীজ নিতে ভিড় করছেন। প্রয়োজনে আরও বীজ সংগ্রহ করে কৃষকদের কাছে বিক্রি করা হবে বলে জানান তিনি। জয়পুরহাট-বগুড়া অঞ্চলের বীজ ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি আজাহার আলী মণ্ডল ডিলারদের বেশি দামে বীজ বিক্রির অভিযোগ অস্বীকার করে বলেন, চাহিদামতো বিএডিসি থেকে বীজ না পাওয়ায় বীজ শেষ হয়ে গেছে। বেশি দাম নেওয়া হয়নি। তিনি জানান, ধানের দাম বেশি হওয়ায় গত বছরের তুলনায় এবার প্রতি ১০ কেজি ওজনের বীজের বস্তার দাম বেড়েছে প্রকারভেদে ১০০ থেকে ১১৫ টাকা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সোবহান ফেরদৌসী জানান, বীজের কারণে বোরো চাষ ব্যাহত হবে না। কোনো ডিলার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বীজ বিক্রি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।