গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে ১০ টাকা কেজি দরের প্রায় সাড়ে ৩৯ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়নের ডিলার আনারুল ইসলাম ও ফিরোজ কবিরের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এই ডিলারদের শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে ধোপাডাঙ্গায় এক সমাবেশ হয়।
জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, বছরের পাঁচ মাস (সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মার্চ ও এপ্রিল) দরিদ্র মানুষের হাতে কোনো কাজ থাকে না। এ সময় মানুষের সুবিধার জন্য খাদ্যবান্ধব কর্মসূচি (সরকার-নির্ধারিত দামে কার্ডের মাধ্যমে চাল ও গম বিতরণ) হাতে নেওয়া হয়। এই কর্মসূচির আওতায় গাইবান্ধার সাত উপজেলায় ১ লাখ ১৭ হাজার ২৩৭ জন দরিদ্র মানুষের মধ্যে ১০ টাকা কেজিতে চাল বিক্রি করার কথা। প্রতিজন সুবিধাভোগী এক মাসে ৩০ কেজি চাল কিনতে পারবেন। কার্ডের মাধ্যমে একজন সুবিধাভোগী বছরের উল্লেখিত ওই পাঁচ মাস এই দামে চাল কিনতে পারবেন।
সূত্রটি আরও জানায়, ধোপাডাঙ্গা ইউনিয়নের জন্য ১ হাজার ৩১৮টি কার্ড বরাদ্দ দেওয়া হয়। কার্ডপ্রতি ৩০ কেজি হিসাবে প্রায় সাড়ে ৩৯ মেট্রিক টন চাল বিতরণ করার কথা। গত বছরের নভেম্বর মাসের প্রায় সাড়ে ৩৯ মেট্রিক টন চাল সুবিধাভোগীরা পাননি। ওই মাসের (নভেম্বর) চাল বিক্রি না করে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ধোপাডাঙ্গা ইউনিয়নের পশ্চিম রাজীবপুর গ্রামের সুবিধাভোগী আনোয়ার হোসেন অভিযোগ করেন, ‘অক্টোবর মাসের চাল বিক্রির পর ডিলাররা সবার কার্ড জমা নেন। গত ২৮ মার্চ আবার চাল কেনার সময় জমা নেওয়া ওই সব কার্ড ফেরত দেওয়া হয়। তখন দেখি, নভেম্বর মাসের চাল বুঝে নেওয়ার ঘরে আমার টিপসই। অথচ এই টিপসই আমি দেইনি।’
একই গ্রামের আমজাদ আলী ও রোকেয়া বেগম অভিযোগ করেন, ‘টিপসই জালের প্রতিবাদ জানালে ডিলার ও তাদের লোকজন আমাদের ধমক দেয়। এক কিস্তির চাল কেনা থেকে বঞ্চিত হয়েও আমরা প্রতিবাদ করতে সাহস পাইনি।’
এদিকে চাল কিনতে বঞ্চিত হওয়া স্বল্প আয়ের মানুষ ১ এপ্রিল সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া চাল আত্মসাতের প্রতিবাদে এবং আত্মসাৎকারী ডিলারদের লাইসেন্স বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বিকেলে ধোপাডাঙ্গা শহীদ মিনার চত্বরে সমাবেশ হয়। এতে বক্তব্য দেন জেলা কৃষক সমিতির সভাপতি সুভাশ শাহ রায় ও সাধারণ সম্পাদক ছাদেকুল ইসলাম মাস্টার প্রমুখ।
এসব বিষয়ে ইউনিয়নের ডিলার ফিরোজ কবির গতকাল সন্ধ্যায় মুঠোফোনে বলেন, ‘চাল আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন। একটি অসাধু চক্র আমাদের কাছে সুবিধা নিতে না পেরে এসব সমাবেশ ও অপপ্রচার চালাচ্ছে।’ এদিকে অপর ডিলার আনারুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
সুন্দরগঞ্জের ইউএনও গোলাম কিবরিয়া গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অভিযোগ প্রমাণিত হলে ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।