ডিলারের গুদামে তালা এক হাজার ৩০৫ বস্তা সার জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম দামে বরাদ্দ করা সার বেশি দামে বিক্রির অভিযোগে ক্ষুব্ধ কৃষকেরা এক সার ডিলারের গুদামে তালা ঝুলিয়ে দিয়েছেন। ওই গুদামের এক হাজার ৩০৫ বস্তা (প্রতি বস্তায় ৪০ কেজি) ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত নয়টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সরসকাটি বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কৃষকেরা বলেন, উপজেলার জয়নগর ইউনিয়নের সার ডিলার মেসার্স একতা এন্টারপ্রাইজের মালিক আবু বক্কর ছিদ্দিক গত মে মাসের বরাদ্দকৃত কম মূল্যের (১২ টাকা কেজি) ইউরিয়া তুলে ওই গুদামে মজুদ করে রাখেন। সারের মূল্য বেশি নির্ধারণ হওয়ার পর তিনি ওই সার কৃষকদের কাছে প্রতি কেজি ২০ টাকায় বিক্রি করছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে কয়েক শ কৃষক মঙ্গলবার রাত নয়টার দিকে ওই গুদামে তালা ঝুলিয়ে দেন এবং আগের দামে সার বিক্রির দাবি জানান। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, সার যাতে লুট না হয় সে জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে কলারোয়া থানাকে বিষয়টি জানানো হয়। সরসকাটি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বিল্লাল হোসেন সারের জব্দ তালিকা তৈরি করে তা কৃষি কার্যালয়ে জমা দিয়েছেন। গুদামের এক হাজার ৩০৫ বস্তা সার জব্দ করা হয়েছে। মনোয়ার হোসেন জানান, গতকাল বুধবার উপজেলা সার মনিটরিং কমিটির সভায় জব্দ করা সার ১২ টাকা কেজি দরে বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে। আরও যাচাই-বাছাই করে এ ব্যাপারে মামলা করা হবে।