ডিলারের বিরুদ্ধে সার কম দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরল উপজেলার বিসিআইসির অনুমোদিত এক সার ডিলারের বিরুদ্ধে ইউরিয়া সারের প্রতি বস্তায় ৭ থেকে ৮ কেজি করে কম দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কয়েকজন কৃষক ইউপি চেয়ারম্যানের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ওই ব্যবসায়ীর ডিলারিশপ বাতিলের দাবি জানিয়েছেন।
বিসিআইসির সারের ওই ডিলারের নাম মো. আবদুল ওয়াহাব। তাঁর প্রতিষ্ঠান মেসার্স রাসেল ট্রেডার্সের নামে ডিলারশিপ লাইসেন্সটি রয়েছে।
উপজেলার ধর্মপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামের কৃষক পালানু চন্দ্র রায় অভিযোগ করে বলেন, তিনি উপজেলার ধর্মপুর ইউনিয়নের কালিয়াগঞ্জ বাজারে ওই ডিলারের কাছ থেকে গত রোববার দুই বস্তা ইউরিয়া সার কেনেন। বস্তার আকার ছোট দেখে তাঁর সন্দেহ হয়। তিনি একটি দোকানের ডিজিটাল পাল্লায় বস্তা দুটি ওজন করে দেখেন ৫০ কেজি করে সার থাকার কথা থাকলেও একটিতে ৪২ কেজি ও অপরটিতে ৪১ কেজি করে সার আছে।
একইভাবে ইউনিয়নের বিল্লাহ গ্রামের কৃষক শান্ত সরকার বলেন, একই দিন তিনিও রাসেল ট্রেডার্স থেকে ইউরিয়া সার কিনে বস্তাপ্রতি ৪১ কেজি করে সার পেয়েছেন। ধর্মপুর গ্রামের কৃষক সুধীর সরকার অভিযোগ করে বলেন, তিনি দুই বস্তা ইউরিয়া সার কিনে বাড়িতে ওজন করতে গিয়ে একটি বস্তায় ৩৯ কেজি ও অপরটিতে ৪১ কেজি সার পান। আরও কয়েকজন কৃষক বলেন, রাসেল ট্রেডার্স এলাকার সবচেয়ে বড় সারের দোকান। এলাকার ৭০ শতাংশ কৃষক এই ডিলারের কাছ থেকে সার কেনেন। ধর্মপুর ইউপির চেয়ারম্যান সাবুল চন্দ্র সরকার বলেন, কৃষকেরা ওই ডিলারের কাছে সার কেনার মেমোসহ তাঁর কাছে বিষয়টি তুলে ধরেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম রওশন কবীর ও কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলামকে জানান। খবর পেয়ে ইউএনওর নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেজবাউল হোসেন ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলাম গত মঙ্গলবার বিকেলে ইউপি কার্যালয়ে আসেন। বিক্ষুব্ধ কৃষক ও সার ডিলারের সঙ্গেও কথা বলেন। ওই সময় কৃষকেরা আবার আলহাজ মো. আবদুল ওয়াহাবের বিসিআইসির সার ডিলারশিপের লাইসেন্স বাতিলের দাবি করেন।
ডিলার আবদুল ওয়াহাব বলেন, তাঁরা কোনো বস্তা থেকে সার বের করে নেননি। কম যদি থাকে, তাহলে তিনি দিনাজপুর শহরের পুলহাট এলাকায় যে বাফা গুদাম থেকে সার সংগ্রহ করেছেন, সেখান থেকেই কম এসেছে।