ডিশ বাবু গ্রেপ্তার, চার দিনের রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবলীগের নেতা রিয়াজুল হক খান মিল্কী হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আবুল মোনায়েম মো. আমিনুল এহসান ওরফে ডিশ বাবুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ডিশ বাবুকে গত মঙ্গলবার বিকেলে রাজধানীর মতিঝিল এলাকা থেকে গ্রেপ্তার করে সিআইডি। তাঁকে গতকাল বুধবার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডিশ বাবু মিল্কী হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ক্রসফায়ারে নিহত জাহিদ সিদ্দিকী তারেকের ঘনিষ্ঠ সহযোগী।
আদালতের নির্দেশে ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কী হত্যা মামলাটি অধিকতর তদন্ত করছে সিআইডি। এর আগে মামলাটি তদন্ত করে র্যাব-১। গত ১৫ এপ্রিল র্যাব ১১ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন শাখাওয়াত হোসেন চঞ্চল (পলাতক), ফাহিমা ইসলাম লোপা (জামিনে মুক্তি পাওয়ার পর পলাতক), জাহাঙ্গীর মণ্ডল, মো. শহীদুল ইসলাম, আমিনুল ইসলাম ওরফে হাবিব, সোহেল মাহমুদ, মো. চুন্নু মিয়া, মো. আরিফ (পলাতক), ইব্রাহীম খলিলউল্লাহ (পলাতক), রফিকুল ইসলাম চৌধুরী (পলাতক) ও শরীফ উদ্দিন চৌধুরী ওরফে পাপ্পু। এঁরা সবাই আওয়ামী যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
এ ছাড়া সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় নয়জনকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়। তাঁরা হলেন মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (টিপু) ও যুবলীগ দক্ষিণের সাধারণ সম্পাদক ওয়াহেদুল ইসলাম (আরিফ), তুহিনুর রহমান (ফাহিম), সৈয়দ মোস্তফা আলী (রুমি), রাশেদ মাহামুদ, সাইদুল ইসলাম (নুরুজ্জামান), মো. সুজন হাওলাদার, ডা. দেওয়ান মো. ফরিউদ্দৌলা ও মাহবুবুল হক (হিরক)। এঁদের আসামি না করায় মামলার বাদী আদালতে নারাজি আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ১৭ জুন আদালত মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন।
গত বছরের ২৯ জুলাই রাতে গুলশান-১-এর একটি বিপণিবিতানের নিচে মিল্কীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ করা চিত্র দেখে গুলিবর্ষণকারী হিসেবে যুবলীগের ঢাকা মহানগরের (দক্ষিণ) যুগ্ম সাধারণ সম্পাদক তারেককে শনাক্ত ও গ্রেপ্তার করে র্যাব। পরে তিনি ‘ক্রসফায়ারে’ নিহত হন।