ডিশ ব্যবসায়ী চার মাস ধরে নিখোঁজ
মাত্র ১৮ দিন। বোঝার মতো বয়স তার হয়নি। কিন্তু জন্মের পরপরই সে কঠিন বাস্তবতার সম্মুখীন। তার বাবা ডিশ ব্যবসায়ী ফখরুল ইসলাম চার মাস ধরে নিখোঁজ।
স্বজনদের অভিযোগ, র্যাব-৩কে দিয়ে প্রতিপক্ষের লোকজন ফখরুলকে গুম করিয়েছে। গুম হওয়ার এক মাসের মাথায় ফখরুলের ব্যবসাপ্রতিষ্ঠান মগবাজারের নয়াটোলার ‘সুইফট কেব্ল নেটওয়ার্ক’ দখলের চেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন।
ফখরুলের মা সালেহা বেগম তাঁর ছেলেকে ফেরত চান। তিনি বলেন, ‘আমি ওয়াদা করতেছি, সে কখনো তার ব্যবসা বুঝে নিতে নয়াটোলা যাবে না। আর যদি মাইরেই ফালায়, তাহলে তার কবরটা অন্তত চিনায়া দিক।’
এ প্রসঙ্গে গত ২৯ ও ৩০ জুলাই মুঠোফোনে যোগাযোগ করা হলে র্যাব-৩-এর পরিচালক মল্লিক ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিখোঁজ ফখরুলের পরিবার তাঁদের কাছে এসেছিল। কিন্তু র্যাব এ বিষয়ে কিছু জানে না।
এদিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যাকাণ্ডের ঘটনায় ফখরুল সোর্স হিসেবে কাজ করেছিলেন।
গত বছরের ১১ মার্চ ফখরুল ডিবির এক কর্মকর্তার সঙ্গে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাঁকে র্যাব গ্রেপ্তার করতে আসে। র্যাব তখন ফখরুলকে শীর্ষ সন্ত্রাসী বলে দাবি করে এবং তাদের জিম্মায় দেওয়ার দাবি জানায়। কিন্তু ডিবি ফখরুলকে র্যাবের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানায়।
র্যাব-পুলিশের বচসা ও সেদিনকার ঘটনার সচিত্র প্রতিবেদন বিভিন্ন পত্রিকায় ছাপা হয়। শেষ পর্যন্ত ডিবি র্যাবের কথা না শুনে ফখরুলকে ৫৪ ধারায় আটক করে। ১৭ দিন পর ফখরুল বেরিয়ে আসেন।
পরিবার ও প্রত্যক্ষদর্শীরা প্রথম আলোকে বলেছেন, গত ১১ মে সন্ধ্যা ছয়টার দিকে ফখরুল তাঁর ব্যক্তিগত গাড়িটি সারাতে সেগুনবাগিচায় পিন্টুর গ্যারেজে যান। মিস্ত্রি গাড়ির কাজ বুঝে নেওয়ার সময় বাহিনীর নিজস্ব দুটি গাড়িতে পোশাক পরা অবস্থায় র্যাবের ১৫-১৬ জন সদস্য সেখানে যান। র্যাবের দুই সদস্য গাড়ি থেকে নেমে এসে প্রথমে ফখরুলকে নাম জিজ্ঞেস করেন। নাম বলার পর তাঁকে টেনেহিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যান।
র্যাবের সদস্যরা গ্যারেজের মিস্ত্রি পিন্টুর কাছ থেকে ফখরুলের গাড়ির চাবি নেন এবং সেটি চালিয়ে চলে যান। ঘটনার দুই দিন পর ফখরুলের ব্যবহূত গাড়িটি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে পড়ে থাকতে দেখা যায়। ১১ মে রাতেই পরিবারের লোকজন রমনা থানাকে মৌখিকভাবে বিষয়টি জানান। এক দিন পর ফখরুলের ভাই মো. আজহারুল ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
গত ২৭ জুলাই সেগুনবাগিচার যে জায়গাটি থেকে ফখরুলকে র্যাব ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে, সেখানে গ্যারেজের মিস্ত্রি পিন্টুর সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তিনি বলেন, র্যাব যে গাড়ি দুটি নিয়ে এসেছিল, তার একটিতে লেখা ছিল র্যাব-৩।
তবে র্যাব-৩ এ ধরনের কোনো অভিযানের কথা অস্বীকার করেছে।
যেভাবে বিরোধের সূত্রপাত: ফখরুলের স্বজনেরা জানান, ২০০৭ সালে মগবাজারের নয়াটোলায় ডিশের ব্যবসা শুরুর পর থেকে শীর্ষ সন্ত্রাসী তানভিরুল ইসলাম ওরফে জয় পরিচয়ে অচেনা নম্বর থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। গত বছর রমনা থানা ইউনিট ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান ওরফে রানা, হাবিবুর রহমান ওরফে মিঠুসহ বেশ কয়েকজন ফখরুলের সুইফট কেব্ল নেটওয়ার্কে ঢুকে ব্যবস্থাপককে মারধর করেন। ওই ঘটনায় ব্যবস্থাপক থানায় মামলা করেন। পরে প্রাণভয়ে মামলা প্রত্যাহার করে নেন। তার পরও প্রতিপক্ষ ফখরুলকে বারবার দেখে নেওয়ার হুমকি দিচ্ছিল। আর ফখরুল নিখোঁজ হওয়ার পর সুইফট কেব্ল নেটওয়ার্ক যে ডিশের বিল তুলত, তা দাবি করেন মাহবুবুর রহমান ও হাবিবুর রহমানসহ অন্যরা। টাকা না দিলে সুইফট কেব্ল নেটওয়ার্কের কর্মীকে গুম করা হবে বলে এঁরা হুমকি দেন বলে জিডিতে উল্লেখ করেছে ফখরুলের পরিবার।
অভিযোগ আছে স্থানীয় এই সন্ত্রাসীদের মদদ দেন ভোলা থেকে নির্বাচিত সাংসদ নুরুন্নবী চৌধুরী ওরফে শাওন। উল্লেখ্য, যুবলীগ নেতা ইব্রাহিম সাংসদ নুরুন্নবীর গাড়িতে সংসদ ভবন এলাকায় রহস্যজনকভাবে নিহত হন।
এ প্রসঙ্গে জানতে চাইলে মাহবুবুর রহমান বলেন, ফখরুল নামের কোনো ব্যবসায়ী নিখোঁজ বলে জানা নেই। তবে একজন সন্ত্রাসী নিখোঁজ বলে তিনি জেনেছেন। নুরুন্নবী চৌধুরীকে চেনেন কি না, জানতে চাইলে বলেন, ‘উনি আমাদের ক্লোজ (ঘনিষ্ঠ) বড় ভাই। ডিশের ব্যবসাটা শাওন ভাইয়ের ঘনিষ্ঠ কাওছার ভাইয়ের ছিল একসময়। পরে ফখরুল দখল করে।’
যোগাযোগ করা হলে নুরুন্নবী চৌধুরী বলেন, মগবাজারে আজকাল তিনি যান না। অভিযুক্তদের কাউকে চেনেনও না।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি সূত্র জানিয়েছে, ফখরুলের বিরুদ্ধে রমনা থানায় আগে অভিযোগ ছিল। মামলার তদন্তের স্বার্থে বিভিন্ন সময় গোয়েন্দা বিভাগ (ডিবি) তাঁর সঙ্গে যোগাযোগ করে। গত বছর র্যাবের সঙ্গে ডিবির প্রকাশ্য বিরোধের ওই ঘটনার পর থেকে পুলিশ আর ফখরুলের সঙ্গে যোগাযোগ রাখেনি।
এদিকে মা সালেহা বেগম ছেলে অপহরণের চার দিনের মাথায় প্রথমে র্যাবের মহাপরিচালকের সঙ্গে দেখা করে একটি দরখাস্ত করেন। ওই চিঠিতে হুইপ নূর-ই-আলম চৌধুরী সুপারিশ করেছিলেন। এক দিন পর সালেহা জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে এবং নয় দিনের মাথায় স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের সঙ্গে দেখা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী র্যাবের মহাপরিচালককে বিষয়টি দেখার অনুরোধ জানান। কোনো কাজ না হওয়ায় সালেহা ২২ জুলাই প্রধানমন্ত্রী বরাবর একটি চিঠি দিয়েছেন। কিন্তু তাঁর ছেলের সন্ধান মিলছে না। র্যাব উল্টো তাঁদের জিজ্ঞাসা করছে ফখরুলকে কে নিয়ে গেছে।