ডিসি আশরাফ, এডিসি মেহেদির বিরুদ্ধে মামলা খারিজ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে পুলিশের মতিঝিল জোনের ডিসি ও এডিসিসহ ৩০ জনের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।
শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার মহানগর হাকিম হারুন-অর-রশিদ এ আদেশ দেন।
আদেশে বলা হয়, আসামিরা সবাই সরকারি কর্মকর্তা-কর্মচারী। সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। এ ক্ষেত্রে তা নেওয়া হয়নি বিধায় ফৌজদারি কার্যবিধির ১৯৭ (১) ধারায় মামলাটি খারিজ করা হলো।
এর আগে আজ সকালে বিএনপির আইনবিষয়ক সহ-সম্পাদক মো. খোরশেদ আলম ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন। মামলায় পুলিশের মতিঝিল জোনের উপকমিশনার (ডিসি) আশরাফুজ্জামান ও অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মেহেদি হাসানসহ ৩০ জনকে আসামি করা হয়।
গত সোমবার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার ব্যক্তিগত রক্ষীদের (সিএসএফ) সঙ্গে পুলিশের হাতাহাতি হয়। সেখান থেকে ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করে পুলিশ। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে।