ডিসি-এসপি ও পাঁচ সাংসদের অনুপস্থিতিতে মাসিক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের পাঁচ সাংসদ, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের (এসপি) অনুপস্থিতিতে গতকাল বুধবার জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দুপুরে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ মেহেদী হাসান।সভায় কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. শহীদুল্লাহ বলেন, নরসিংদীর জনপ্রিয় মেয়র লোকমানের পর ঘাতকদের এখন টার্গেট নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী। তাঁর নিরাপত্তায় প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে, তা সভায় জানতে চান শহীদুল্লাহ।শহীদুল্লাহ বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ায় সারা দেশে নারায়ণগঞ্জের মানুষের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। স্বাধীনতার ৪০ বছরের ইতিহাসে এই নির্বাচন সবচেয়ে আলোচিত এবং একটি ভালো নির্বাচনের মডেল হিসেবে বিবেচিত হয়েছে।কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির আরেক আবদুল হাই বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক আট কিলোমিটারের মধ্যে এর ছয় কিলোমিটার চার লেনে উন্নীত করা হলেও চাষাঢ়া থেকে শিবু মার্কেট পর্যন্ত মাত্র দুই কিলোমিটার অংশের কাজ বন্ধ রয়েছে। প্রচণ্ড ধুলাবালু আর ভাঙা সড়ক দিয়ে চলতে গিয়ে যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সিটি করপোরেশন নির্বাচনের সময় প্রার্থীরা বিভিন্ন সড়কে যেসব ব্যানার ও পোস্টার লাগিয়েছেন, নির্বাচনের ২২ দিন পরও সেগুলো অপসারণের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পলিথিন মোড়ানো এসব পোস্টার ড্রেনেজ-ব্যবস্থা অচল করে ফেলতে পারে। আগামী বর্ষা মৌসুমের আগেই এসব অপসারণ করা না হলে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা হতে পারে।পাবলিক প্রসিকিউটর (পিপি) আসাদুজ্জামান জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা মাসের যেকোনো বৃহস্পতিবার করার সুপারিশ করেন। অতিরিক্ত জেলা পুলিশ সুপার সাইদুর রহমান খান বলেন, নবনির্বাচিত মেয়রের সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।