রংপুরে সাংবাদিক মসিউর রহমান ওরফে উৎস রহমান হত্যার ঘটনায় এক নারীসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে রোকসানা বেগম (৪৫) নামের এক নারীর নাম পুলিশের পক্ষ থেকে জানানো হলেও বাকি পাঁচজনের নাম জানানো হয়নি।
আটক রোকসানার বাড়ি রংপুর সিটি করপোরেশনের এক কিলোমিটার দূরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে বলে জানা গেছে।
জেলা পুলিশ সুপার আবদুর রাজ্জাক গতকাল রোববার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘মসিউর রহমান হত্যাকাণ্ডে ঘটনায় জড়িত সন্দেহে আজ (রোববার) ভোরে রোকসানাসহ আরও পাঁচজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আগামী দু-এক দিনের মধ্যে পুরো বিষয়টি পরিষ্কার করা যাবে বলে আশা করি।’ পুলিশ সুপার বলেন, ‘এই মামলার তদন্তে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। থানা ও ডিবি (গোয়েন্দা) পুলিশ যৌথভাবে কাজ করছে। ইতিমধ্যে আজ এ মামলাটি ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃত রোকসানা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছে বলে এমন অভিযোগও রয়েছে।’
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক দিলারা রহমান বলেন, আটককৃত রোকসানার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে বিগত ২০০৭ সালে একটি মামলা রয়েছে।
নিহত মসিউর রহমান স্থানীয় যুগের আলো পত্রিকায় মাদকের বিস্তার ও ব্যবসা নিয়ে অতি সম্প্রতি তিনটি প্রতিবেদনও করেন। এ নিয়ে মাদক ব্যবসায়ীরা তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন বলে তাঁর সহকর্মীরা জানিয়েছেন। মসিউর পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক।
উল্লেখযোগ্য তিনটি প্রতিবেদনের মধ্যে একটি ‘রংপুর ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আসছে না’ শিরোনামে গত ২১ নভেম্বর একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, রংপুর নগর ও জেলার প্রত্যন্ত অঞ্চলে কমপক্ষে ৫০টি স্পটে শিশু, নারী-পুরুষেরা মাদক ব্যবসা করে যাচ্ছে। এ ছাড়া নগরের বাইরে মিঠাপুকুর উপজেলার দমদমা সেতুর দক্ষিণে ও বৈরাগীগঞ্জে প্রতিদিন প্রচুর পরিমাণে মাদকদ্রব্য বিক্রি হয়ে থাকে। তবে প্রতিবেদনে কোনো মাদক ব্যবসায়ীর নাম উল্লেখ করা হয়নি।
এদিকে সাংবাদিক মসিউরের খুনিদের গ্রেপ্তারের দাবিতে আজ সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেছেন স্থানীয় সাংবাদিকেরা।
গত বৃহস্পতিবার সকালে মসিউর রহমানকে হত্যা করে গাছের সঙ্গে বেঁধে রাখে দুর্বৃত্তরা। এর আগের দিন বুধবার পত্রিকা অফিসে কাজ করতে গিয়ে দাওয়াতের কথা বলে রাত সাড়ে নয়টার দিকে এক ঘণ্টার জন্য বের হয়ে যান। এরপর তিনি আর ফিরে আসেননি।