ডিসি-এসপির পর গাইবান্ধার চার ইউএনও প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিসি-এসপির পর গাইবান্ধা জেলার চারজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আজ মঙ্গলবার প্রত্যাহার করা হয়েছে।

যে চার ইউএনওকে প্রত্যাহার করা হয়েছে তাঁরা হলেন, গোবিন্দগঞ্জের আশরাফুজ্জামান, পলাশবাড়ির তোফাজ্জল হোসেন, সাদুল্যাপুরের ফরহাদ হোসেন ও সুন্দরগঞ্জের আহসান হাবীব।
দশম জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব ও কর্তব্যে অবহেলার কারণ দেখিয়ে তাঁদের প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে গতকাল সোমবার গাইবান্ধার জেলা প্রশাসক জহুরুল ইসলাম ও পুলিশ সুপার (এসপি) সাজিদ হোসেনকে প্রত্যাহার করে নির্বাচন কমিশন।
এ ব্যাপারে গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু বক্কর সিদ্দিক আজ ‘প্রথম আলো’কে বলেন, প্রত্যাহার নয়, রংপুর বিভাগীয় কমিশনার দিলওয়ার বখসের নির্দেশে তাঁদের বদলি করা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার (৫ জানুয়ারি) সংসদ নির্বাচনে সারা দেশে মোট আটটি আসনে ফলাফল স্থগিত থাকে। এর মধ্যে গাইবান্ধা জেলার তিনটি আসনের ২০৬টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এগুলো হলো গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ৫৪টি, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ি) আসনের ১৩০টি কেন্দ্রের মধ্যে ৮০টি ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের ১৩০টি কেন্দ্রের মধ্যে ৭২টি। ভোটকেন্দ্রে কর্মকর্তাদের ওপর হামলা, ব্যালট পেপার ছিনতাই ও পুড়িয়ে দেওয়া, সংঘর্ষ এবং বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী না পৌঁছানোর কারণে এসব কেন্দ্রে ভোট গ্রহণ সম্ভব হয়নি।