ডিসি ও এসপি অফিস ঘেরাও সম্মিলিত সাংবাদিক সমাজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে সাংবাদিক মসিউর রহমান ওরফে উৎস হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার সম্মিলিত সাংবাদিক সমাজ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে। কর্মসূচিতে জেলার আট উপজেলার সাংবাদিকেরা অংশ নেন।
বেলা ১১টায় প্রেসক্লাব এলাকা থেকে সাংবাদিকদের একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে। আধা ঘণ্টা বিক্ষোভ চলার পর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তাইন বিল্লাহর কাছে স্মারকলিপি দেন সাংবাদিক নেতারা। এ সময় এডিসি বলেন, ইতিমধ্যে এই মামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করা হয়েছে।
এরপর দুপুর ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ঘেরাও কর্মসূচি পালন করেন সাংবাদিকেরা। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন সম্মিলিত সাংবাদিক সমাজের আহ্বায়ক ও রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আশরাফ, একুশে টিভির সাংবাদিক লিয়াকত আলী, সময় টিভির মানিক সরকার, মাছরাঙ্গা টিভির রফিক সরকার প্রমুখ। শেষে পুলিশ সুপারের (এসপি) কাছে স্মারকলিপি দেওয়া হয়।
এ সময় এসপি আবদুর রাজ্জাক সাংবাদিকদের উদ্দেশে বলেন, ২৩ ডিসেম্বর দিবাগত রাত একটার পর মসিউরকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। এক নারীসহ ছয়জনকে আটকও করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তার জন্য পুলিশ সতর্ক রয়েছে। তবে রাতের বেলা কোনো নির্জন স্থান দিয়ে একাকী না চলার পরামর্শ দিয়েছেন তিনি।
নিহত মসিউরের বাড়ি রংপুর শহরের পীরপুর এলাকায়। তিনি স্থানীয় যুগের আলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন।
আটক নারী রোকসানা বেগমের বাড়ি মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে। ওই রাতে নিহত সাংবাদিক তাঁর বাসায় দাওয়াত খেতে গিয়েছিলেন। মসিউর তাঁকে (রোকসানা) খালা বলে ডাকতেন। তবে রোকসানা ছাড়া আটক অন্য পাঁচজনের নাম তদন্তের স্বার্থে জানানো হয়নি।
প্রসঙ্গত, ২৪ ডিসেম্বর সকালে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মসিউরের লাশ উদ্ধার করা হয়। আগের দিন দাওয়াত খেতে যাওয়ার কথা বলে রাত সাড়ে নয়টার দিকে মসিউর অফিস থেকে বের হন। এরপর তিনি আর ফেরেননি। পরদিন সকালে রংপুর শহর থেকে সাত কিলোমিটার দূরে ধান গবেষণা ইনস্টিটিউটের পাশে রংপুর-ঢাকা মহাসড়কের পাশে শেখপাড়া এলাকায় তাঁর লাশ পাওয়া যায়।