ডিসি ও এসপির অপসারণ দাবি সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের
নারায়ণগঞ্জে খুনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঘটনায় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) ব্যর্থতাকে দায়ী করে তাঁদের অপসারণ চেয়েছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। ‘গুম-খুন-ডাকাতি ও নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে’ গতকাল শনিবার বিকেলে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে মঞ্চের নেতারা এই দাবি জানান।
সাম্প্রতিক সময়ে সন্ত্রাসীদের হাতে নিহত স্কুলছাত্র ইমন হোসেন, কিশোর ফুটবলার রাসেল, যুবক চঞ্চল ও রানার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সমাবেশে ত্বকী মঞ্চের সদস্যসচিব ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ বলেন, ‘গত মার্চ মাস থেকে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, তার একটিরও সুরাহা করতে পারেনি পুলিশ প্রশাসন। ত্বকী হত্যার পর শামীম ওসমানের পরিবারের সদস্যরা আমাদের ওপর নির্যাতন চালাচ্ছেন। অথচ প্রশাসন কিছুই করেনি। এ কারণে পুলিশ সুপার ও জেলা প্রশাসককে অবিলম্বে নারায়ণগঞ্জ থেকে অপসারণ করতে হবে। নইলে নারায়ণগঞ্জবাসী ঝাঁটা মেরে বিদায় করে দেবে।’
ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন আহমেদ, জেলা ন্যাপের সভাপতি আওলাদ হোসেন, খেলাঘরের কেন্দ্রীয় সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।
সমাবেশে রফিউর রাব্বি বলেন, বক্তাবলীতে স্কুলছাত্র ইমন হত্যাকাণ্ডের বিরুদ্ধে সর্বস্তরের জনগণ জেগে উঠেছে। এমনকি খুনিদের ঘরবাড়িও জ্বালিয়ে দিয়েছে। ইসদাইরের কিশোর ফুটবলার রাসেলকে হত্যা করা হয়েছে। কোনো কূল-কিনারা হয়নি। ডাকাতি শূন্যের কোঠায় নেমে এসেছে—এসপির এমন ঘোষণার পরদিনই কালীরবাজারের স্বর্ণপট্টিতে বোমা ফাটিয়ে দুর্ধর্ষ ডাকাতি ঘটেছে।
রফিউর বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, অপরাধীদের সঙ্গে পুলিশের গভীর সখ্য ও অবৈধ লেনদেন হওয়ায় একের পর এক অপরাধের ঘটনা ঘটছে। এ ধরনের পুলিশ প্রশাসন আমরা নারায়ণগঞ্জে চাই না।
এসপি ও ডিসির বক্তব্য: পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রথম আলোকে জানান, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র বিগত দিনের তুলনায় খারাপ নয় বরং ভালোই।’
জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছি। অভিযোগ যে কেউ করতে পারেন। তবে ঢালাওভাবে অভিযোগ করা ঠিক নয়।’