ডিসি ও হামলাকারীদের চাকরিচ্যুত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট জেলা প্রশাসনের বাণিজ্য শাখায় ‘ঘুষখোর’ কর্মচারী ধরতে গিয়ে দুুদক সিলেটের একটি দল অবরুদ্ধ ও হামলার শিকার হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল নগরে বিক্ষোভ মিছিল করা হয়। পরে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে বিক্ষোভ করে দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটি l ছবি: প্রথম আলো
সিলেট জেলা প্রশাসনের বাণিজ্য শাখায় ‘ঘুষখোর’ কর্মচারী ধরতে গিয়ে দুুদক সিলেটের একটি দল অবরুদ্ধ ও হামলার শিকার হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল নগরে বিক্ষোভ মিছিল করা হয়। পরে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে বিক্ষোভ করে দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটি l ছবি: প্রথম আলো

সিলেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দলের ওপর হামলার ঘটনায় জেলা প্রশাসক (ডিসি) এবং হামলাকারী কর্মচারীদের চাকরিচ্যুত করার দাবি জানিয়েছে ‘দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম’ নামের একটি সংগঠন। গতকাল রোববার সংগঠনটি নগরের তালতলায় গণজমায়েত ও বিক্ষোভ মিছিল করে এ দাবি জানায়।
গত বৃহস্পতিবার জেলা প্রশাসনের বাণিজ্য শাখার কর্মচারী আজিজুর রহমানকে ঘুষের ১০ হাজার টাকাসহ আটক করতে গিয়ে দুদক সিলেটের একটি দল কর্মচারীদের বিক্ষোভের মুখে পড়ে। বিকেল চারটা থেকে রাত সাতটা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে অবরুদ্ধ ছিল দলটি। কর্মচারীদের হামলায় দুদকের উপসহকারী পরিচালক রণজিৎ কুমার কর্মকার, ওয়াহিদ মঞ্জুর, কনস্টেবল মিসবাহ উদ্দিন ও গাড়িচালক বিপ্লব আহত হন। এ ঘটনায় রাতেই দুদকের পক্ষ থেকে সিলেট কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে অভিযোগ দাখিল করা হয়।
গতকাল দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের গণজমায়েতে বক্তারা বলেন, এই হামলার ঘটনায় সবাই হতভম্ব। বর্তমানে দুদক চেয়ারম্যানসহ দায়িত্বরত বড় কর্মকর্তারা যখন সাহসিকতার সঙ্গে দুর্নীতিবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছেন, ঠিক তখন এই ন্যক্কারজনক ঘটনা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না।
গণজমায়েতে সংগঠনের পক্ষ থেকে লিখিত দাবিনামা প্রকাশ করা হয়। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন বলেন, দুদকের ওপর হামলার ঘটনায় জেলা প্রশাসককে শুধু বদলি করলেই চলবে না, দুদকের নোটিশ অনুযায়ী তাঁর বিষয়-সম্পত্তির হিসাবের ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, তাঁর অপসারণ ও হামলাকারীদের চিহ্নিত করে চাকরিচ্যুতও করতে হবে।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আইনজীবী নাসির উদ্দিনের সভাপতিত্বে গণজমায়েতে সিলেটের প্রবীণ আইনজীবী সৈয়দ আশরাফ হোসেন, আইনজীবী মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী, জেলা জাসদের (রব) আহ্বায়ক মনির উদ্দিন, সংগঠনের সহসভাপতি ইকবাল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক অরুণ কুমার দেব, সমবায়বিষয়ক সম্পাদক এম এ লাহিন, ছাত্র ও যুববিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।