ডিসি কার্যালয়ে চাঁদা দিয়ে অশ্লীল নৃত্যের আয়োজন
মেহেরপুর সদর উপজেলার রাজাপুর মাঠে যাত্রার নামে অশ্লীল নৃত্য প্রদর্শন করা হচ্ছে। ১৪ নভেম্বর থেকে এই প্রদর্শনী চলছে। আয়োজকদের দাবি, তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ের এলআর তহবিলে চাঁদা দিয়ে এই নৃত্য আয়োজনের অনুমতি নিয়েছেন।স্থানীয় লোকজন জানান, স্থানীয় রাজাপুর যুব ক্লাব রাজাপুর মাঠে প্যান্ডেল তৈরি করে যাত্রার নামে অশ্লীল নৃত্য প্রদর্শন করছে। প্রতিদিন রাত নয়টা থেকে গভীর রাত পর্যন্ত এই নৃত্য চলে। এ সময় উচ্চ শব্দে মাইক বাজানো হচ্ছে। কয়েক দিন পরই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। উচ্চ শব্দে গান বাজানোর কারণে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে।নাম প্রকাশ না করার শর্তে রাজাপুর যুব ক্লাবের এক সদস্য জানান, যাত্রা আয়োজনের নামে তাঁরা জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিলেন। পরে ডিসি অফিস রাতপ্রতি ১৫ হাজার টাকা চুক্তিতে যাত্রা চালানোর অনুমতি দেয়। জেলা প্রশাসক দেলওয়ার হোসেন জানান, কোনো অশ্লীল নৃত্য চালানোর অনুমতি দেওয়া হয়নি। এসপির অনুমতি সাপেক্ষে রাজাপুর গ্রামে যাত্রা করার অনুমতি দেওয়া হয়েছে। সেখানে অশ্লীল নৃত্য প্রদর্শনের অভিযোগ পেয়ে তিনি গত শনিবার রাতে তা বন্ধের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন।পুলিশ সুপার মির্জা আবদুল্লাহেল বাকী জানান, এমন কোনো আসর হচ্ছে বলে তাঁর জানা নেই। যদি অশ্লীল নৃত্য প্রদর্শন করা হয়, তাহলে পুলিশ রাজাপুর গিয়ে তা বন্ধ করে দেবে। শনিবার সরেজমিনে দেখা গেছে, জেলা প্রশাসক বন্ধ করার নির্দেশ দেওয়ার পরও সেখানে অশ্লীল নৃত্য প্রদর্শন করা হচ্ছে। স্থানীয় লোকজন জানান, প্রশাসনের পক্ষ থেকে ওই রাতে কয়েকজন কর্মকর্তা এসেছিলেন। কিন্তু তাঁরা আয়োজকদের সঙ্গে কথা বলে চলে গেছেন। গত সোমবার রাতেও আয়োজকেরা অশ্লীল নৃত্য প্রদর্শনের আয়োজন করেন।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন জানান, শিগগিরই রাজাপুর গিয়ে ওই নৃত্যের প্রদর্শনী বন্ধ করা হবে।রাজাপুর যুব ক্লাবের সভাপতি ফেরদৌস আহমেদ জানান, যা হওয়ার হয়েছে। আজ (মঙ্গলবার) থেকে অশ্লীল নৃত্যের প্রদর্শনী বন্ধ করা হবে।