প্রশাসনে যোগ্য জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের লক্ষ্যে ২৭০ জন কর্মকর্তাকে পরীক্ষার জন্য ডাকা হচ্ছে। এ জন্য তিনটি ব্যাচের সম্ভাব্য কর্মকর্তাদের একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে। ইতিমধ্যে এসব কর্মকর্তার বিরুদ্ধে শৃঙ্খলা, দুর্নীতি বা বিভাগীয় কোনো অভিযোগ আছে কি না, তাও যাচাই করা হয়েছে। সংশ্লিষ্ট সরকারি সূত্রে এ খবর জানা গেছে।জানা যায়, ১৯৮৪ সালে চাকরিতে যোগ দেওয়া ২২ জন, ১৯৮৫ সালের ১৪৮ জন এবং ১৯৮৬ সালের ১০০ জন কর্মকর্তাকে যোগ্য জেলা প্রশাসক বাছাইয়ের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এক বছরে জেলা প্রশাসক পদে একবারই রদবদল করা হয়েছে। ইতিমধ্যে ১৮ জন জেলা প্রশাসক (উপসচিব) যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তাঁদের দুজনকে ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে। বাকি ১৬ জনকেও প্রত্যাহারের প্রয়োজন রয়েছে। তা ছাড়া কিছু ক্ষেত্রে কর্মকর্তাদের অসুবিধা বা প্রশাসনিক কারণে কয়েকজনকে রদবদল বা প্রত্যাহার করা হবে বলে সংস্থাপন মন্ত্রণালয় সূত্র জানায়। চলতি (ফেব্রুয়ারি) মাসের দ্বিতীয়ার্ধে জেলা প্রশাসক পদে রদবদল বা প্রত্যাহারের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বেশকিছু জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হবে। তবে ১৯৮৪ ব্যাচ থেকে আবার জেলা প্রশাসক নিয়োগের উদ্যোগ নেওয়ায় এর কনিষ্ঠ ব্যাচের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের কয়েকজন প্রথম আলোকে বলেছেন, ’৮৪ ব্যাচের অনেক কর্মকর্তা ইতিমধ্যে যুগ্ম সচিব হয়েছেন। এখন সেই ব্যাচ থেকে জেলা প্রশাসক করা হলে অধস্তন ব্যাচের কর্মকর্তাদের জেলা প্রশাসক হওয়ার যে ন্যূনতম প্রাথমিক যোগ্যতা ৫০ বছর বয়স—তা অতিক্রান্ত হয়ে যাবে। ফলে তাঁরা জেলা প্রশাসক হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন।