ডিসি সম্মেলন আজ শুরু, ২৪২ প্রস্তাব দিয়েছেন ডিসিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন আজ মঙ্গলবার শুরু হচ্ছে। সম্মেলনে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়ভিত্তিক বিভিন্ন বিষয়ে ২৪২টি প্রস্তাব দিয়েছেন ডিসিরা। সম্মেলনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী-সচিবদের উপস্থিতিতে এসব বিষয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ডিসি সম্মেলন উপলক্ষে সচিবালয়ে গতকাল সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুঁইঞা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সকাল ১০টায় প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসনের বিভিন্ন বিষয় নিয়ে মুক্ত আলোচনা করবেন ডিসিরা। পরে তিন দিন ধরে মন্ত্রণালয়ভিত্তিক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। সম্মেলনে মোট ২৪টি অধিবেশনের মধ্যে ২০টি কার্য অধিবেশন হবে। সম্মেলনের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন ডিসিরা। ২৫ জুলাই শেষ হবে সম্মেলন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, স্থানীয় সরকার, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের গৃহীত উন্নয়নকাজের বাস্তবায়ন নিয়েও আলোচনা করে মন্ত্রী-সচিবেরা ডিসিদের দিকনির্দেশনা দেবেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ভ্রাম্যমাণ আদালত কীভাবে আরও কার্যকর করা যায়, সে বিষয়ে কোনো কোনো ডিসি কিছু প্রস্তাব করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেসিকে কীভাবে আরও কার্যকর করা যায়, সে বিষয়েও ডিসিরা কিছু প্রস্তাব দিয়েছেন। তবে এগুলো যুক্তিসংগত কি না, আলোচনা করে সিদ্ধান্ত হবে।
সচিব বলেন, গত বছরের ডিসি সম্মেলনে ৫৩৩টি সিদ্ধান্ত হয়েছিল। এর মধ্যে ৪৮৬টি বাস্তবায়িত হয়েছে। অর্থাৎ ৯১ দশমিক ১৮ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। এর মধ্যে স্বল্পমেয়াদি ১৩০টি সিদ্ধান্তের মধ্যে বাস্তবায়িত হয়েছে ১২৯টি, মধ্যমেয়াদি ১৭২টি সিদ্ধান্তের মধ্যে বাস্তবায়িত হয়েছে ১৬১টি এবং দীর্ঘমেয়াদি ২৩১টি সিদ্ধান্তের মধ্যে বাস্তবায়িত হয়েছে ১৯৬টি।
সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।