ডিসি সম্মেলন কাল শুরু, ৩০৭ প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন কাল মঙ্গলবার শুরু হচ্ছে। এই সম্মেলনকে সামনে রেখে ডিসিরা ৩০৭টি সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানের প্রস্তাব দিয়েছেন। সম্মেলনে ২৪টি অধিবেশনে এগুলো আলোচনা করে সমাধানের ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন।
মন্ত্রিপরিষদ বিভাগে গতকাল রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা ও অতিরিক্ত সচিব নজরুল ইসলাম।
মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রমতে, ডিসিরা ভ্রাম্যমাণ আদালতের আওতা বাড়িয়ে চুরি, প্রতারণাসহ আরও বেশ কিছু অপরাধের বিচারের ক্ষমতা দেওয়ার প্রস্তাব করেছেন। এ ছাড়া সুষ্ঠু সমন্বয়ের জন্য ভূমি জরিপ, রেজিস্ট্রেশন ও ব্যবস্থাপনা—এ তিনটি বিভাগকে একই মন্ত্রণালয় বা বিভাগের অধীনে আনা, খাসজমি বরাদ্দের সেলামি বৃদ্ধি, আমমোক্তারনামার মাধ্যমে ভূমি হস্তান্তর, ক্রয়-বিক্রয়ের বিদ্যমান বিধান বাদ দেওয়া, কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের সমস্যা মোকাবিলায় পদক্ষেপ গ্রহণ, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের বরখাস্ত করার ক্ষমতা বিভাগীয় কমিশনার বা স্থানীয় সরকারের পরিচালকের ওপর ন্যস্ত করাসহ বিভিন্ন ধরনের সুপারিশ করেছেন তাঁরা।